রাজনীতি

নন্দীগ্রাম-রেজিনগরে পদ্মের ঝড়, রেকর্ড ব্যবধানে জয় বিজেপির

নন্দীগ্রাম ও রেজিনগর—দুই বিধানসভা কেন্দ্রেই উপনির্বাচনে বড়সড় জয় পেল বিজেপি। নন্দীগ্রামে ১ লক্ষ ২২ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়ে শুভেন্দু অধিকারীর পুরনো রেকর্ড ছাপিয়ে গেলেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ। অন্যদিকে, রেজিনগরে ৭২ হাজার ৭১০ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার।

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে তৃণমূলের প্রার্থী হয়ে ৮১ হাজার ২৩০ ভোটে জয় পেয়েছিলেন শুভেন্দু অধিকারী। এরপর ২০২১ সালে বিজেপির প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন তিনি। সেই নির্বাচনে তাঁর জয়ের ব্যবধান ছিল ১ হাজার ৯৫৬ ভোট। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেও নন্দীগ্রাম থেকে ৯ হাজার ৬৬৫ ভোটে জয়ী হন শুভেন্দু। এবার তাঁর প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথ সেই ব্যবধানকে অনেকটাই পিছনে ফেলে দিলেন।

অন্যদিকে, রেজিনগরেও বড় ব্যবধানে জয় পেয়েছে বিজেপি। সেখানে শাখারভ সরকার ৭২ হাজার ৭১০ ভোটে জয়ী হয়েছেন।

নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয় গত মঙ্গলবার। শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগণনা। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর—দুই কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুই জায়গাতেই জয় পান তিনি। ভবানীপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার পর কলকাতার আসনটি রেখে নন্দীগ্রাম ছেড়ে দেন শুভেন্দু।

অন্যদিকে, আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর নওদা ও রেজিনগর—দুই কেন্দ্র থেকেই নির্বাচনে জয়ী হয়েছিলেন। পরে তিনি রেজিনগর আসনটি ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচনের প্রয়োজন হয়। একইভাবে নন্দীগ্রামেও উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

শুরু থেকেই নন্দীগ্রাম ও রেজিনগর—দুই কেন্দ্রেই বিজেপির জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি ছিল, কোনও কেন্দ্রেই তৃণমূল বা বামেরা বিশেষ প্রভাব ফেলতে পারবে না।

বিজেপি কীভাবে সংখ্যালঘু ভোটও পেতে পারে, তার ব্যাখ্যাও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য ছিল, তৃণমূলের অস্তিত্ব অনেক জায়গাতেই থাকবে না, বামেদের অবস্থাও একই হবে। এমনকী নন্দীগ্রামের সিপিআই প্রার্থী এক থেকে দেড় হাজার ভোটও পাবেন না বলে দাবি করেছিলেন তিনি।

শুভেন্দুর বক্তব্য, “মহিলারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পেয়েছেন। ধর্মের ভিত্তিতে সেই সুবিধা দেওয়া হয়নি। তাই তাঁরাও আমাদের ভোট দিয়েছেন।”

এদিকে এসআইআর প্রক্রিয়া, ভোটে কারচুপির অভিযোগ এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিরোধীদের আন্দোলন যখন ক্রমশ জোরদার হচ্ছে, সেই প্রসঙ্গে শুভেন্দুকে প্রশ্ন করা হলে তাঁর জবাব, “যা হয়েছে, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানেই হয়েছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.