রাজ্য

বকেয়া ডিএ না মেটানোয় রাজ্যের মুখ্যসচিব ও অর্থসচিবকে আদালত অবমাননার নোটিস

গত ৫ ফেব্রুয়ারি রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) সংক্রান্ত মামলায় ঐতিহাসিক রায় দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট নির্দেশ দেয়, বকেয়া ডিএ’র অন্তত ২৫ শতাংশ অবিলম্বে মিটিয়ে দিতে হবে। কিন্তু রায় ঘোষণার পর প্রায় দু’সপ্তাহ কেটে গেলেও রাজ্য সরকারের তরফে সেই নির্দেশ কার্যকর করার কোনও দৃশ্যমান পদক্ষেপ চোখে পরেনি।

এই পরিস্থিতিতে ফের চাপ বৃদ্ধি হলো রাজ্যের প্রশাসনের ওপর। ডিএ মামলাকারীদের পক্ষ থেকে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও অর্থসচিব প্রভাতকুমার মিশ্রকে আদালত অবমাননার নোটিস পাঠানো হয়েছে। মামলাকারীদের দাবি, মূলত সুপ্রিম কোর্টের নির্দেশ থাকার পরেও ডিএ না মেটানোয় এই নোটিশ। মামলাকারী সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী ফিরদৌস শামিম ও সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত নোটিস পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁদের বক্তব্য, শীর্ষ আদালতের রায় কার্যকর না হলে তা সরাসরি আদালত অবমাননার শামিল।

তবে একই সঙ্গে আশার বার্তাও দিয়েছেন আইনজীবী ফিরদৌস শামিম। তাঁর মতে, সুপ্রিম কোর্টের রায়ের পর রাজ্য সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার খর্ব করার কোনও সুযোগ নেই। আদালত যেহেতু নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে, তাই সেই নির্দেশ মেনেই রাজ্য সরকারকে পদক্ষেপ করতে বাধ্য হতে হবে। এদিকে মামলাকারীদের বক্তব্য, শীর্ষ আদালত যেখানে ‘অবিলম্বে’ ২৫ শতাংশ ডিএ মেটানোর কথা বলেছে, সেখানে এখনও পর্যন্ত কোনও ঘোষণা বা অর্থছাড় না হওয়ায় কর্মচারীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। সব মিলিয়ে বকেয়া ডিএ ইস্যুতে ফের একবার চাপের মুখে নবান্ন। এখন দেখার, শীর্ষ আদালতের নির্দেশ বাস্তবায়নে রাজ্য সরকার কবে ও কীভাবে পদক্ষেপ করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.