বিনোদন

প্লেব্যাক থেকে সরে দাঁড়ালেন অরিজিৎ সিং, তবে আসছে একের পর এক অসম্পূর্ণ গান

ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম জনপ্রিয় কণ্ঠ অরিজিৎ সিং জানুয়ারিতে ঘোষণা করেছিলেন—তিনি আর নতুন প্লেব্যাক কাজ নেবেন না। সেই ঘোষণায় স্বাভাবিকভাবেই চমকে গিয়েছিলেন অনুরাগীরা। এবার কয়েক সপ্তাহ পর সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তায় ভক্তদের উদ্দেশে মুখ খুললেন শিল্পী।

মঙ্গলবার এক্স-এ পোস্ট করা নোটে অরিজিৎ স্পষ্ট করে জানান, এই বার্তা শুধুমাত্র তাঁর শ্রোতাদের জন্য। দীর্ঘদিন ধরে পাওয়া ভালবাসা, সমর্থন ও মমতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। “কঠিন এই পৃথিবীতে আপনাদের সৌজন্য আর ভালবাসাই আমার প্রাপ্তি”—এমন অনুভূতির কথাও তুলে ধরেন গায়ক।

তবে অবসরের ঘোষণাকে ঘিরে তৈরি হওয়া জল্পনায় জল ঢেলে অরিজিৎ পরিষ্কার জানান, তিনি নতুন প্লেব্যাক অ্যাসাইনমেন্ট নিচ্ছেন না ঠিকই, কিন্তু তাঁর হাতে এখনও বহু অসম্পূর্ণ গান রয়েছে। সেগুলি ধাপে ধাপে মুক্তি পাবে। চলতি বছর জুড়ে যেমন নতুন গান প্রকাশিত হতে পারে, তেমনই আগামী বছরেও সেই তালিকা দীর্ঘ হতে পারে বলেই ইঙ্গিত দেন তিনি। একই সঙ্গে অনুরাগীদের অযথা বিতর্কে না জড়ানোর ও শান্ত থাকার পরামর্শ দেন।

ইতিমধ্যেই আমির খান অভিনীত ‘এক দিন’ ছবির একটি গান প্রকাশ্যে এসেছে, যা শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে। আট থেকে আশি—সব বয়সের শ্রোতাই এখন অরিজিতের নতুন গানে বুঁদ। তবে শিল্পীর কথায়, “এটাই শেষ নয়, এখনও অনেক কিছু বাকি।”

২০০৫ সালে Fame Gurukul-এ অংশ নিয়ে প্রথম পরিচিতি পান অরিজিৎ। পরবর্তীতে Murder 2 ছবির ‘Phir Mohabbat’ গান তাঁকে বলিউডে প্রতিষ্ঠা দেয়। তারপর থেকে প্রেম, বিরহ, অনুভূতির প্রতিটি সুরে তিনি হয়ে উঠেছেন এক অনিবার্য নাম। সময়ের সঙ্গে নতুন কণ্ঠের আগমন ঘটলেও, নিজের স্বতন্ত্রতা ও আবেগঘন পরিবেশনার মাধ্যমে অরিজিৎ ধরে রেখেছেন তাঁর শক্ত অবস্থান।

নতুন গান না নেওয়ার সিদ্ধান্তে অনেকেই আক্ষেপ প্রকাশ করেছেন। তবে অরিজিতের সাম্প্রতিক বার্তায় স্পষ্ট—এটি সম্পূর্ণ অবসর নয়, বরং কাজের চাপ কমিয়ে অন্য বিষয়ে মনোনিবেশ করার এক সচেতন সিদ্ধান্ত। অসম্পূর্ণ গানগুলিকে শেষ করে এই অধ্যায়কে পূর্ণতা দিতেই তাঁর এই পদক্ষেপ।

ভক্তদের জন্য তাই আপাতত অপেক্ষা—নতুন অ্যাসাইনমেন্ট নয়, কিন্তু আসছে আরও বহু অমলিন সুর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.