নখের যত্ন অনেক সময়ই অবহেলিত থেকে যায়। অথচ সুন্দর, পরিপাটি নখ পুরো লুকটাই বদলে দিতে পারে। হাতে যতই দামি ব্যাগ বা গয়না থাকুক, নখ যদি অগোছালো দেখায়, তবে সাজ অসম্পূর্ণই থেকে যায়। তাই সময় ও টাকা বাঁচিয়ে বাড়িতেই কীভাবে সহজে নেল আর্ট করবেন, রইল তার সমাধান।
শুরু হোক সঠিক প্রস্তুতি দিয়ে
নেল আর্টের আগে নখ পরিষ্কার করা জরুরি। পুরনো নেলপলিশ থাকলে তুলে ফেলুন। নখ সমান করে কেটে ফাইল করুন। এরপর একটি বেস কোট লাগান। এতে নখের উপর সরাসরি রঙের ক্ষতিকর প্রভাব পড়ে না এবং নেলপলিশ দীর্ঘস্থায়ী হয়।
কম উপকরণেই চমৎকার ফল
বাড়িতে নেল আর্ট করতে খুব বেশি সরঞ্জাম লাগে না। কয়েকটি পছন্দের রঙের নেলপলিশ, একটি টুথপিক বা হেয়ারপিন, রিমুভার এবং টপ কোট থাকলেই যথেষ্ট। সামান্য কৌশল জানলেই তৈরি করা যায় ট্রেন্ডি ডিজাইন।
জেনেনিন সহজ কিন্তু নজরকাড়া কয়েকটি ডিজাইন :-
ফ্রেঞ্চ টিপ
হালকা গোলাপি বা নিউড বেসের উপর সাদা রং দিয়ে নখের ডগায় সরু রেখা টানুন। এই ক্লাসিক ডিজাইন অফিস বা বিশেষ অনুষ্ঠান—সব জায়গায় মানায়।
পলকা ডট স্টাইল
একটি গাঢ় রঙের বেস দিন। শুকিয়ে গেলে টুথপিকের মাথায় অন্য রঙ নিয়ে ছোট ছোট গোল বিন্দু তৈরি করুন। সহজ, দ্রুত এবং চটকদার।
অমব্রে ইফেক্ট
দুটি মিল রঙের নেলপলিশ ব্যবহার করুন। স্পঞ্জে রং নিয়ে হালকা চাপ দিয়ে নখে লাগান। এতে গ্রেডিয়েন্ট ইফেক্ট তৈরি হবে, যা বর্তমানে খুব জনপ্রিয়।
মিনিমাল লাইন আর্ট
স্বচ্ছ বা হালকা বেসের উপর পাতলা ব্রাশ বা টুথপিক দিয়ে জ্যামিতিক লাইন বা ছোট ফুল আঁকতে পারেন। কম ডিজাইনেই আসবে এলিগ্যান্ট লুক।
নখ সুস্থ রাখতে যা মানবেন
প্রতিটি কোটের মাঝে ভালো করে শুকাতে দিন। সপ্তাহে অন্তত একদিন নখে কোনও রং না লাগিয়ে বিশ্রাম দিন। কিউটিকল অয়েল ব্যবহার করলে নখ মজবুত ও উজ্জ্বল থাকে।
অল্প সময়, সামান্য খরচ আর একটু যত্ন—এই তিনেই সম্ভব ঘরে বসে পার্লার-স্টাইল নেল আর্ট। এবার বিশেষ দিনের অপেক্ষা নয়, যখন ইচ্ছা তখনই সাজিয়ে তুলুন আপনার নখ।







