নিজস্ব সংবাদদাতা : বাড়িতে রাখা সব কলা কি একসাথে অনেকটাই পেকে গেছে? চিন্তা নেই, পাকা কলাগুলো দিয়ে আজই বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু মালপোয়া। এই মালপোয়া একবার খেলে আপনি এর গুনগান করতে বাধ্য হবেন। কলা ফাইবার এবং ক্যালসিয়ামের খুব ভালো উত্স, তাই এটি যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর।
আপনি যদি স্বাস্থ্য সচেতন হন, তাহলেও আপনি সহজেই এই মিষ্টি খাবারটি খেতে পারেন। আসুন জেনে নেওয়া যাক কলার মালপোয়া তৈরির রেসিপি-
উপাদান : ৪ টি পাকা কলা,১\২ চা চামচ এলাচ গুঁড়ো,১\২ কাপ সুজি,১ গ্লাস দুধ,১\২ কাপ গমের আটা,১ কাপ চিনি বা গুড়,সামান্য জাফরান,৩ টেবিল চামচ কনডেন্সড মিল্ক, ১ চিমটি লবণ,১\২ চা চামচ গোটা মৌরি, ১\২ চা চামচ মৌরি গুঁড়ো, ভাজার জন্য রিফাইন্ড তেল বা ঘি,২ কাপ জল,সাজানোর জন্য বাদাম কুচি ও পেস্তা কুচি।
প্রণালী : কলাগুলো ভালো করে ম্যাশ করে নিয়ে দুধ দিন।এরপর একে একে সুজি, গমের আটা, জাফরান, এলাচ গুঁড়ো, মৌরি গুঁড়ো, গোটা মৌরি, লবণ এবং কনডেন্সড মিল্ক দিয়ে সমস্ত জিনিস ভালো করে মিশিয়ে নিন।এই মিশ্রণটি ২ ঘন্টা ফুলে যাওয়ার জন্য আলাদা করে রাখুন।
এরপর একটি প্যানে রিফাইন্ড তেল বা ঘি দিয়ে গরম করুন। গরম হলে একটি চামচের সাহায্যে গরম তেলে এই মিশ্রণটি দিন এবং এই মালপোয়াগুলোকে মাঝারি আঁচে ভালো করে ভাজুন যতক্ষণ না এগুলো হালকা সোনালি হয়ে যায়।তারপর একটি পাত্রে চিনি বা গুড় এবং জল দিয়ে ভালো করে ফুটিয়ে পাতলা সিরাপ তৈরি করুন। এই সিরাপে ভাজা মালপোয়াগুলো দিয়ে ৫ মিনিট ডুবিয়ে রাখলেই তৈরি হয়ে যাবে কলার মালপোয়া। এবার একটি প্লেটে নিয়ে বাদাম কুচি ও পেস্তা কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।







