নিজস্ব সংবাদদাতা : বর্তমানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি তাঁকে ছাড়া ভাবাই যায় না। ইদানীং তো বাঙালির পুজোও অসমাপ্ত তাঁর সিনেমা ছাড়া। বুঝে গিয়েছেন নিশ্চয়ই কার ব্যাপারে কথা হচ্ছে। তিনি হলেন প্রসেনজিত্ চট্টোপাধ্যায়। যার সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত, সব কিছুর দিকে নজর থাকে বাঙালির।
তিনি সারাদিন কি করেন ? কি খান ? শুধু শসা-দই খান না গ্রিলড চিকেন, তা নিয়েও চায়ের কাপ হাতে চলে তুফানি আড্ডা। সেই প্রসেনজিত্ই কি না পরিচয় করালেন নিজের ‘অমর সঙ্গী’র সঙ্গে।
আসলে প্রসেনজিত্ চ্যাটার্জী তাঁর সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করে তুলে ধরলেন নিজের সানগ্লাস প্রেম। নানা ধরনের ফ্রেম, নানা রঙের গ্লাসে নিজের ছবি শেয়ার করে লিখলেন, ‘Sunglasses আর আমি…আমরা অমর সঙ্গী’। একটু খেয়াল করলেই দেখা যাবে যে কোনও ইভেন্টেই বুম্বাদা চোখ ঢেকে রাখেন সানগ্লাসে। চোখে সানগ্লাস না থাকলে নাকি সাজ সম্পূর্ণ হয় না তাঁর। মনে আছে নিশ্চয়ই, সেই আয় খুকু আয়ের প্রোমোশনে গিয়ে ফুটপাথ থেকে সানগ্লাস কিনেছিলেন।
প্রসেনজিতের শেয়ার করা ছবিগুলির মধ্যে কোনোটায় তাঁর চোখে রাউন্ড ফ্রেম, কোনওটায় অ্যাভিয়েটর,আবার কোনওটায় অ্যাঙ্গুলার।তাঁর পোস্ট করা পোস্টে ভক্তরা তাঁকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। এক ভক্ত এই পোস্টের কমেন্ট সেকশনে লিখলেন, ‘একদিন আপনার সানগ্লাসের কালেকশন নিয়ে যদি কোনও প্রদর্শনী হয় তাহলেও অবাক হব না।’ আরেকজন লিখলেন, ‘স্টাইল কিং আপনি। সবদিক থেকে আপনি অতুলনীয়। আমাদের গর্ব।’







