দাম্পত্য অশান্তির জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করার অভিযোগ উঠল এক পরিযায়ী শ্রমিকের বিরুদ্ধে। এরপর নিজেও আত্মহত্যার চেষ্টা করেন তিনি। বুধবার সকালে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের কুড়চিবন এলাকায় এই ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় ওই শ্রমিক নিজেই বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পৌঁছন। পরে পুলিশ গুরুতর জখম অবস্থায় তাঁর স্ত্রীকে উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এলাকার বাসিন্দা অভিজিৎ পালের সঙ্গে হুগলির মায়াপুরের বাসিন্দা পূজা মাঝির কয়েক বছর আগে বিয়ে হয়। প্রায় তিন মাস আগে তাঁরা বিষ্ণুপুরের কুড়চিবন এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন। অভিজিৎ বেঙ্গালুরুতে একটি সোনার দোকানে কারিগরের কাজ করতেন, আর পূজা থাকতেন বিষ্ণুপুরের ভাড়া বাড়িতে। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে তাঁদের মধ্যে প্রায়শই বিবাদ লেগে থাকত।
জানা গিয়েছে, গত ১৫ জুন বেঙ্গালুরু থেকে বাড়ি ফেরার পর স্বামী-স্ত্রীর মধ্যে ফের বচসা শুরু হয়। সেই ঘটনার পর অভিজিৎ বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ। পুলিশ তাঁকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করে। চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে মঙ্গলবার বাড়ি ফেরেন। কিন্তু বাড়ি ফিরেই আবার দাম্পত্য কলহ শুরু হয়। ঝগড়ার শব্দ শুনে বাড়ির মালিক তাঁদের বুধবারের মধ্যে বাড়ি খালি করার নির্দেশ দেন।
অভিযোগ, বুধবার সকালে ফের ঝামেলা শুরু হলে অভিজিৎ একটি ছুরি নিয়ে স্ত্রী পূজার উপর হামলা চালান এবং তাঁকে একাধিকবার কোপ মারেন। এতে পূজা গুরুতর জখম হন। এরপর অভিজিৎ নিজের গলায়ও ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। রক্তাক্ত অবস্থায় স্কুটি চালিয়ে তিনি বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পৌঁছে যান। পরে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত পূজাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।







