রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধে গুণগত মান নিয়ে প্রশ্ন উঠতেই কঠোর পদক্ষেপ নিল রাজ্য স্বাস্থ্য দফতর। ৩ বছরের জন্য কালো তালিকাভুক্ত করা হল উত্তরাখণ্ডের রুরকিভিত্তিক ওষুধ প্রস্তুতকারক সংস্থা Helax Healthcare Pvt. Ltd.-কে।
পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালগুলিতে Telmisartan 40 নামে উচ্চরক্তচাপের ওষুধ সরবরাহ করত এই সংস্থা। কিন্তু সম্প্রতি ল্যাব পরীক্ষায় সংস্থার তৈরি ১৪টি ব্যাচের নমুনা একটিও মানসম্মত পাওয়া যায়নি। জানা গিয়েছে, ওষুধের মোড়ক খোলামাত্রই তা গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছিল।
স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে চিকিৎসক মহল ও রোগীদের মধ্যে। চিকিৎসক ডা. আশিস মিত্র বলেন, “রক্তচাপ নিয়ন্ত্রণ না হলে স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। নিম্নমানের ওষুধ দিলে ৪০ দিনের জায়গায় ৮০ দিনেও কাজ হবে না। এটি অত্যন্ত বিপজ্জনক।”
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, টেন্ডারের শর্ত ভাঙায় সংস্থাকে তিন বছরের জন্য ব্ল্যাকলিস্ট করা হয়েছে। সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক সজল বিশ্বাস বলেন, “জীবনদায়ী ওষুধের গুণমান নিয়ে ছিনিমিনি বন্ধ হোক—এটাই আমাদের দাবি।”
অন্যদিকে, মধ্যপ্রদেশ ও রাজস্থানে একের পর এক শিশুমৃত্যুর ঘটনার পর কাফ সিরাপ নিয়েও সতর্ক কেন্দ্র ও রাজ্য সরকার। সংশ্লিষ্ট দুই রাজ্যে সরবরাহকারী সংস্থা পশ্চিমবঙ্গে ওষুধ পাঠায় কি না, তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে ওষুধ ডিস্ট্রিবিউটরদের। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ২ বছরের কম বয়সি শিশুদের কাফ সিরাপ না দেওয়ার পরামর্শ জারি করেছে।
একদিকে শিশুমৃত্যুর ছায়া, অন্যদিকে নিম্নমানের ওষুধের উদ্বেগ—দু’দিক থেকেই প্রশ্ন উঠছে জনস্বাস্থ্যের নিরাপত্তা নিয়ে। এখন একটাই দাবি, “রোগীর জীবনের সঙ্গে আর ছিনিমিনি নয়।”






