তৃতীয়বারের জন্য কেন্দ্রের কুর্সিতে বসার পরবর্তীতে প্রথম কাশ্মীর সফরেই বৃহৎ ঘোষণা নরেন্দ্র মোদীর৷ প্রধানমন্ত্রী জানান, ‘শীঘ্রই পূর্ণরাজ্যের মর্যাদা ফিরে পাবে জম্মু ও কাশ্মীর। কাশ্মীরের মানুষ নিজেদের ভোটেই নিজেদের সরকার গড়বে। দিল্লি এবং শ্রীনগরের মধ্যেকার দূরত্ব কমানোই আপাতত কেন্দ্র সরকারের মূল উদ্দেশ্য।’
শুক্রবার শ্রীনগরে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘গত ১০ বছরে বিজেপি সরকারের চেষ্টায় আমূল বদলে গিয়েছে কাশ্মীর। মানবতার শত্রুরা উন্নয়ন চায় না। কাশ্মীরে শান্তিপ্রক্রিয়ায় বিঘ্ন ঘটানোর শেষ চেষ্টা করছে।’ প্রধানমন্ত্রীর সংযোজন, ‘কাশ্মীরবাসী নিজেদের স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচনের জন্য ভোট দেওয়ার সুযোগ পান। সেই জনপ্রতিনিধিরা অনেক সমস্যার সমাধান করে দেন। বিধানসভা নির্বাচনের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। সেই দিনটা আসতে আর বেশি দেরি নেই, যেদিন উপত্যকাবাসী নিজেদের ভোটে নিজেদের সরকার গড়বেন। এর চেয়ে ভালো আর কীই বা হতে পারে!’
উল্লেখ্য, নির্বাচনী প্রচারেও জম্মু ও কাশ্মীরে যাননি প্রধানমন্ত্রী। ভোটের পর প্রথম উপত্যকা সফর তাঁর। সেখানে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করার পরিকল্পনা প্রধানমন্ত্রীর।







