রাজ্য

বারুইপুর কাণ্ডে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, মঙ্গলবার পুলিশ সুপারের দফতরে শুভেন্দু

বারুইপুরে নাবালিকা খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা অব্যাহত। এই পরিস্থিতিতেই মঙ্গলবার বারুইপুর পুলিশ সুপারের কার্যালয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার কলকাতার মিত্র ইনস্টিটিউশনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি স্পষ্ট জানান, এই ঘটনার মূল অভিযুক্তদের কাউকেই ছাড় দেওয়া হবে না। পাশাপাশি ঘটনার পর গণপিটুনি, রেল অবরোধ এবং পুলিশ ও সিআরপিএফের উপর হামলার ঘটনায় রাজনৈতিক ও সাম্প্রদায়িক উসকানির সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, নিখোঁজ ডায়েরি হওয়ার পর তদন্তে স্থানীয় পুলিশের কোনও গাফিলতি ধরা পড়লে দায়ী পুলিশকর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্যাতিতার পরিবার যে ধরনের বিচার চেয়েছে, তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ করবে বলেও আশ্বাস দেন তিনি। অপরাধীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ মৃত্যুদণ্ডের আবেদন জানাতে যা যা আইনি প্রক্রিয়া প্রয়োজন, তা অনুসরণ করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

তদন্তে অগ্রগতি, গ্রেফতার তিন

ঘটনার তদন্তে ইতিমধ্যেই ছয় সদস্যের বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেছে রাজ্য পুলিশ। সোমবার মূল অভিযুক্ত আনন্দ সর্দারকে বারুইপুর এলাকা থেকেই গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে মামলায় মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে তিনে পৌঁছেছে। নিহত কিশোরীর পরিবারের অভিযোগে চার জনের নাম ছিল। তদন্তকারীদের দাবি, পলাতক অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন বলে সন্দেহে আরও তিন জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের কল রেকর্ড-সহ একাধিক তথ্য খতিয়ে দেখা হচ্ছে।

মুখ্যমন্ত্রী আরও জানান, মঙ্গলবার নির্যাতিতার বাবার সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে। তাঁকে ভবানীভবনে ডাকা হয়েছে। এর আগে ফোনেও তাঁর সঙ্গে বিস্তারিত কথা হয়েছে বলে জানান তিনি।

চারটি মামলা, শনাক্ত প্রায় ২০০ জন

খুনের মামলার পাশাপাশি গণপিটুনিতে এক সন্দেহভাজনের মৃত্যু, পুলিশকর্মীদের উপর হামলা এবং রেল অবরোধ—এই তিনটি ঘটনাতেও পৃথক মামলা দায়ের হয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার অভিযোগে প্রায় ২০০ জনকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত শনিবার থেকে নিখোঁজ ছিল ওই কিশোরী। রবিবার একটি পুকুর থেকে তার দেহ উদ্ধারের পর এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতার গণপিটুনিতে এক সন্দেহভাজনের মৃত্যু হয়। দীর্ঘ সময় রেল অবরোধ চলায় ট্রেন পরিষেবাও ব্যাহত হয়। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর বারুইপুর সফরকে ঘিরে প্রশাসনিক তৎপরতা আরও বেড়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.