অনুপম জানা, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের দাঁতন ২ ব্লকে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে হুমায়ুন কবির-এর দল জনতা উন্নয়ন পার্টি।
কয়েকদিন আগেই জনতা উন্নয়ন পার্টি পশ্চিম মেদিনীপুর জেলার জেলা কমিটির নাম ঘোষণা করে। কিন্তু সেই তালিকা প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক। অভিযোগ, জেলা কমিটিতে যাদের নাম রাখা হয়েছে, তাদের অনেকেরই দলের সঙ্গে কোনও সম্পর্ক নেই। এমনকি সংশ্লিষ্টদের সঙ্গে কোনও আলোচনা না করেই নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও দাবি।
এই তালিকায় দাঁতন ২ ব্লকের একাধিক যুবকের নাম রয়েছে, যারা দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন তৃণমূল কংগ্রেস-এর সঙ্গে। অভিযোগ, পরিকল্পিতভাবে গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি করে তৃণমূল সংগঠন ভাঙার চেষ্টা চলছে।
এই ইস্যুতে বৃহস্পতিবার দাঁতন ২ ব্লকে সাংবাদিক সম্মেলন করেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। উপস্থিত ছিলেন ব্লক সভাপতি ইফতেকার আলী সহ সেই সমস্ত যুবকেরা, যাদের নাম জেলা কমিটিতে দেখানো হয়েছে।
সাংবাদিক সম্মেলন থেকে জনতা উন্নয়ন পার্টিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়— ক্ষমতা থাকলে দাঁতন ২ ব্লকে নিজেদের সংগঠনের অস্তিত্ব দেখাক।
এদিকে প্রশ্ন উঠছে— কারা এই নাম পাঠিয়েছে? কিভাবে সংশ্লিষ্টদের অজান্তেই নাম পৌঁছে গেল জেলা কমিটিতে?
এই ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা।







