রাজনীতি

জঙ্গলমহলে কুড়মি ফ্যাক্টর, ভোটের অঙ্কে নতুন সমীকরণ

বিধানসভা ভোটের প্রাক্কালে জঙ্গলমহলের রাজনৈতিক জমি ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে। বিশেষ করে কুড়মি সমাজকে ঘিরে যে নতুন রাজনৈতিক মেরুকরণ তৈরি হচ্ছে, তা আসন্ন নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

রবিবার পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় কুড়মি সমাজ, পশ্চিমবঙ্গের প্রধান উপদেষ্টা তথা শিক্ষক রাজেশ মাহাতোর বিজেপিতে যোগদান এই জল্পনাকে আরও উসকে দিয়েছে। জঙ্গলমহলের কুড়মি আন্দোলনের সঙ্গে যুক্ত একাধিক নেতা শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নির্বাচনী ময়দানে নামতে পারেন— এমনই জোরালো ইঙ্গিত মিলছে। সূত্রের খবর, তাঁদের কেউ বিজেপি, কেউ আবার আইএসএফের প্রার্থী হিসেবে লড়তে পারেন। ফলে সংশ্লিষ্ট আসনগুলিতে ভোট কাটাকাটির অঙ্কে বড় পরিবর্তন আসতে পারে।

এদিকে, আদিবাসী কুড়মি সমাজের ঘোষিত কর্মসূচিকে সামনে রেখে জঙ্গলমহলে শুরু হয়েছে ‘জয় গরাম’ রথযাত্রার প্রস্তুতি। এই রথ থেকে ঝুমুর গানের মাধ্যমে ‘নো ভোট টু টিএমসি’ বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ ইতিমধ্যেই সমাজমাধ্যমে আলোড়ন ফেলেছে। প্রকাশিত ট্রেলারে কুড়মি পরিচয় ও সাংস্কৃতিক আত্মপরিচয়কে রাজনৈতিক প্রতিবাদের সঙ্গে যুক্ত করার চেষ্টা স্পষ্ট। আগামী ১০ অথবা ২১ মার্চ থেকে এই প্রচার শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

রাজনৈতিক মহলের নজর এখন ঝাড়গ্রামের গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের দিকে। এখানে প্রায় ৩৫ শতাংশ কুড়মি জনজাতির বসবাস। স্থানীয় সংগঠন সূত্রে খবর, এই আসন থেকে রাজেশ মাহাতোকে প্রার্থী করার সম্ভাবনা খতিয়ে দেখছে বিজেপি। উল্লেখযোগ্যভাবে, তিনি একসময় আদিবাসী কুড়মি সমাজের সঙ্গে যুক্ত থাকলেও পরবর্তীতে ‘কুড়মি সমাজ, পশ্চিমবঙ্গ’ নামে পৃথক সংগঠন গড়ে তোলেন।

একইসঙ্গে পুরুলিয়ার জয়পুর আসনেও, যেখানে প্রায় ৩৩ শতাংশ কুড়মি ভোটার রয়েছেন, এক কুড়মি আন্দোলনকারীকে বিজেপি প্রার্থী করতে পারে বলে জল্পনা চলছে। অন্যদিকে, পুরুলিয়া বিধানসভা আসনে— যেখানে কুড়মিরা প্রায় ২২.৭ শতাংশ— আরেক আন্দোলনকারী নেতা আইএসএফের প্রার্থী হতে পারেন বলেও খবর।

তবে আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিতপ্রসাদ মাহাতো এই রাজনৈতিক সমীকরণ থেকে দূরত্ব বজায় রাখার বার্তাই দিয়েছেন। তাঁর কথায়, কুড়মি আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের রাজনৈতিক দলে যোগদান আন্দোলনের মূল লক্ষ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে। একইসঙ্গে ‘নো ভোট টু টিএমসি’ প্রচার বা ‘জয় গরাম’ রথযাত্রার সঙ্গে সংগঠনের আনুষ্ঠানিক কোনও সম্পর্ক নেই বলেও দাবি করেছেন তিনি।

অন্যদিকে, বিজেপি সূত্রে ইঙ্গিত মিলেছে যে ঝাড়গ্রাম ও পুরুলিয়ার কাশিপুরসহ একাধিক আসনে কুড়মি জনজাতির প্রতিনিধিত্ব নিশ্চিত করতে দল আগ্রহী। যদিও চূড়ান্ত প্রার্থী নির্বাচনের সিদ্ধান্ত দলীয় উচ্চ নেতৃত্বের হাতেই থাকবে বলে জানিয়েছেন পুরুলিয়া জেলা সভাপতি শংকর মাহাতো।

সব মিলিয়ে, জঙ্গলমহলে কুড়মি সমাজের রাজনৈতিক অবস্থান এবার ভোটের ফলাফলে নির্ণায়ক ভূমিকা নিতে পারে— এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তৃণমূলের ঐতিহ্যগত ভোটব্যাঙ্কে সম্ভাব্য ভাঙন এবং বিরোধী শিবিরে কুড়মি নেতৃত্বের উত্থান— দুই মিলিয়ে জঙ্গলমহল এবার রাজ্যের নির্বাচনী লড়াইয়ে অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠতে চলেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.