বিনোদন

কেরলে দর্শক সঙ্কটে ‘দ্য কেরালা স্টোরি ২’, একাধিক প্রেক্ষাগৃহে শো বাতিল

২৭ ফেব্রুয়ারি, ২০২৬-এ মুক্তি পাওয়া ‘দ্য কেরালা স্টোরি ২: গোজ় বিয়ন্ড’ কেরলে প্রত্যাশিত সাড়া পেতে ব্যর্থ হয়েছে। মুক্তির পর থেকেই রাজ্যের একাধিক প্রেক্ষাগৃহে ছবিটির দর্শক উপস্থিতি আশানুরূপ হয়নি বলে জানা গিয়েছে। কোচি, ত্রিশূর এবং কোঝিকোডের কিছু হলে প্রথম দিন রাতের শো পর্যাপ্ত দর্শক না থাকায় বাতিল করতে হয়েছে। দ্বিতীয় দিনেও অগ্রিম বুকিংয়ের হার সীমিত রয়েছে।

তিরুবনন্তপুরমে লুলু মল, মল অব ট্রাভানকোর, অ্যারিস এবং গ্রিনফিল্ড সিনেমাসে ছবিটির প্রদর্শনের সূচি নির্ধারিত হলেও বুকিং পরিস্থিতি উদ্বেগজনক। প্রাথমিক তথ্য অনুযায়ী, লুলু মলে প্রায় ২৫টি টিকিট বিক্রি হয়েছে। অন্যদিকে অ্যারিসে দুপুর ২:৪৫-এর শোর জন্য বুকিং হয়েছে মাত্র পাঁচটি। হল কর্তৃপক্ষ জানিয়েছে, ন্যূনতম ১০টি টিকিট বিক্রি না হলে শো চালানো সম্ভব নয়।

কমাখ্যা নারায়ণ সিং পরিচালিত এবং বিপুল অমৃতলাল শাহ প্রযোজিত এই ছবির বিষয়বস্তু মুক্তির আগেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে আসে। নির্মাতাদের দাবি, ছবিতে তুলে ধরা হয়েছে এমন কিছু তরুণী হিন্দু নারীর গল্প, যারা আন্তঃধর্মীয় বিবাহের প্রলোভনে পড়ে পরে নির্যাতন ও জোরপূর্বক ধর্মান্তরের শিকার হন।

ছবির কাহিনি বিবাহ-পরবর্তী মানসিক ও সামাজিক অভিজ্ঞতাকে ঘিরে আবর্তিত। আবেগগত নিঃসঙ্গতা, সম্পর্কের টানাপড়েন এবং ব্যক্তিস্বাধীনতার প্রশ্নকে সামনে এনে নির্মাতারা এটিকে তরুণীদের জন্য একটি সতর্কবার্তা হিসেবে তুলে ধরেছেন। তাঁদের বক্তব্য, আন্তঃধর্মীয় সম্পর্ক কখনও কখনও ব্যক্তিসত্তা ও স্বাধীনতার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে—এই বার্তাই ছবির মূল সুর।

ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন উল্কা গুপ্তা, আদিতি ভাটিয়া এবং ঐশ্বর্য ওঝা। তবে বিতর্ক ঘিরে আলোচনার কেন্দ্রে থাকলেও প্রেক্ষাগৃহে দর্শক উপস্থিতি এখনো ছবির বাণিজ্যিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.