খেলাধুলা

নাটকের অবসান, ‘গেম ইজ অন’ — বয়কট তুলে ভারতের বিরুদ্ধে খেলতে রাজি পাকিস্তান

শেষ পর্যন্ত অবসান ঘটল দীর্ঘ টানাপোড়েনের। বয়কট নাটক গুটিয়ে ভারতের বিরুদ্ধে মাঠে নামতে রাজি পাকিস্তান। আইসিসি-র সঙ্গে একাধিক বৈঠকের পরই বিষয়টি প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। সেটাই বাস্তবায়িত হলো। আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে চলেছে বহুপ্রতীক্ষিত ভারত–পাক মহারণ। আর এই বয়কট পর্বের পরে ম্যাচের গুরুত্ব ও উত্তাপ যে আরও কয়েক গুণ বাড়বে, তা বলার অপেক্ষা রাখে না।

গত ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকার ঘোষণা করেছিল, বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিরুদ্ধে তারা খেলবে না। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদেই এই অবস্থান নেওয়া হয়েছিল বলে দাবি করা হয়। কিন্তু সময় যত এগোয়, ততই চাপ বাড়তে থাকে পাকিস্তানের উপর। আন্তর্জাতিক ক্রিকেট মহলে প্রশ্ন ওঠে বয়কটের যৌক্তিকতা নিয়ে। পাশাপাশি আর্থিক ক্ষতির আশঙ্কাও প্রকট হয়ে ওঠে।

সূত্রের খবর, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড পাকিস্তান ক্রিকেট বোর্ডকে কড়া চিঠি পাঠায়। তাতে টিকিট বিক্রি, সম্প্রচার স্বত্ব এবং আয়োজক দেশের আর্থিক ক্ষতির বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হয়। ম্যাচ বাতিল হলে বিপুল ক্ষতির মুখে পড়ত পিসিবি। পাশাপাশি আইসিসি-র তরফে শাস্তিমূলক পদক্ষেপের সম্ভাবনাও ছিল। কিন্তু একবার বয়কটের ঘোষণা করে ফেলায় ‘পালটি খাওয়া’ সহজ ছিল না পাকিস্তানের জন্য।

এই পরিস্থিতিতে লাহোরে পিসিবি কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন আইসিসি-র প্রতিনিধিরা। বৈঠকে উপস্থিত ছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। তাঁর পাশে থাকার বার্তা দিয়ে লাহোরে যান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। জানা যায়, বৈঠকে নকভি একাধিক দাবি উত্থাপন করেন—যার মধ্যে ভারতের সঙ্গে হাত মেলানো বা ভবিষ্যতে দ্বিপাক্ষিক সিরিজের প্রসঙ্গও ছিল। তবে আইসিসি সেই সব দাবি কার্যত খারিজ করে দেয়।

পরবর্তী সময়ে পিসিবি-কে ধন্যবাদ জানিয়ে বিসিবি সভাপতি বুলবুল পাকিস্তানকে বয়কট তুলে নেওয়ার আহ্বান জানান। এর মধ্যেই নকভি বৈঠকে বসেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে। সূত্রের দাবি, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়—আইসিসি নাকি পিসিবির দাবিপূরণে রাজি হয়েছে। সেই কারণেই ভারতের বিরুদ্ধে খেলতে সম্মত হয়েছে পাকিস্তান। যদিও আইসিসি সূত্রে জানা যাচ্ছে, পাক বোর্ডের কোনও শর্তই মানা হয়নি।

এর আগে নকভি মন্তব্য করেছিলেন, “অতিথি ঘরে এলে তাঁদের অনুরোধ রাখতে হয়”—ইঙ্গিত ছিল আইসিসি-র ‘অনুরোধে’ বিশ্বকাপ খেলতে রাজি হওয়ার। তবে বাস্তবতা অন্যরকম। সব দিক থেকেই কোণঠাসা হয়ে শেষ পর্যন্ত বয়কট তুলে নেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে পাকিস্তান।

এবার মাঠের লড়াই। বয়কট-পর্বের সব উত্তাপ, বিতর্ক আর চাপ নিয়ে নামবে দুই দল। প্রশ্ন একটাই—এই বাড়তি চাপের মধ্যে সূর্যকুমার যাদবদের সামনে পাকিস্তান কতটা টিকতে পারে? উত্তর মিলবে ১৫ ফেব্রুয়ারি, শ্রীলঙ্কার মাটিতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.