খেলাধুলা

কানাডাকে ৫৭ রানে হারাল দক্ষিণ আফ্রিকা, ওমানকে ৮ উইকেটে উড়িয়ে দিল জ়িম্বাবোয়ে

টি-টোয়েন্টি বিশ্বকাপে সহযোগী দেশগুলির অংশগ্রহণ ক্রিকেটপ্রেমীদের মধ্যে নতুন আগ্রহ তৈরি করেছে। নেপাল, আমেরিকা ও নেদারল্যান্ডস জয় না পেলেও বড় দলগুলিকে চাপে ফেলতে পেরেছে। তবে সেই ধারাবাহিকতায় নিজেদের মেলে ধরতে ব্যর্থ হল কানাডা ও ওমান। বিপরীতে, জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল গতবারের রানার্স দক্ষিণ আফ্রিকা ও জ়িম্বাবোয়ে।

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কানাডাকে ৫৭ রানে হারাল দক্ষিণ আফ্রিকা। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কানাডার অধিনায়ক, কিন্তু প্রথমে ব্যাট করার সুযোগ পুরোপুরি কাজে লাগায় প্রোটিয়ারা। ৪ উইকেটে ২১৩ রান তোলে এডেন মার্করামের দল।

ওপেন করতে নেমে মার্করাম ৩২ বলে ৫৯ রানের ঝকঝকে ইনিংস খেলেন। তাঁর ব্যাট থেকে আসে ১০টি চার ও একটি ছক্কা। কুইন্টন ডি কক করেন ২২ বলে ২৫। তিন নম্বরে নেমে রায়ান রিকলটন ২১ বলে ৩৩ রান যোগ করেন। শেষ দিকে ডেভিড মিলার ও ট্রিস্টান স্টাবস দ্রুতগতিতে রান তোলেন। মিলার ২৩ বলে ৩৯ এবং স্টাবস ১৯ বলে ৩৪ রান করেন। কানাডার বোলারদের মধ্যে অনশ পটেল ৩১ রানে ৩ উইকেট নিয়ে কিছুটা নজর কাড়েন।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় কানাডা। নবনীত ঢালিওয়াল ও হর্ষ ঠাকের ছাড়া আর কেউ প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। নবনীত ৪৯ বলে ৬৪ এবং হর্ষ ২৯ বলে ৩৩ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৬ রানে থামে কানাডার ইনিংস। দক্ষিণ আফ্রিকার হয়ে লুঙ্গি এনগিডি ৩১ রানে ৪ উইকেট নেন। মার্কো জানসেন ২টি উইকেট নেন ৩০ রানে।

দিনের দ্বিতীয় ম্যাচে ওমানকে ৮ উইকেটে হারিয়ে সহজ জয় পায় জ়িম্বাবোয়ে। প্রথমে ব্যাট করে ওমান ১৯.৫ ওভারে ১০৩ রানে গুটিয়ে যায়। বিনায়ক শুক্ল ২১ বলে ২৮ এবং সুফিয়ান মেহমুদ ৩৯ বলে ২৫ রান করেন। জ়িম্বাবোয়ের হয়ে ব্লেসিং মুজ়ারাবানি, রিচার্ড নারাভা ও ব্র্যাড ইভান্স প্রত্যেকে ৩টি করে উইকেট নেন।

জবাবে ১৩.৩ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় জ়িম্বাবোয়ে। ওপেনার ব্রায়ান বেনেট ৩৬ বলে অপরাজিত ৪৮ রান করেন। ব্রেন্ডন টেলর ৩০ বলে ৩১ রান করে চোটের কারণে মাঠ ছাড়েন। ওমানের হয়ে সুফিয়ান ১২ রানে ২ উইকেট নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.