কলকাতারাজনীতি

একুশে জুলাই ঘিরে তৃণমূলে দ্বন্দ্ব চরমে, ধর্মতলার সমাবেশ নিয়ে মুখোমুখি দুই শিবির

কলকাতা: তৃণমূল কংগ্রেসের নাম, প্রতীক এবং সংগঠনের নিয়ন্ত্রণ নিয়ে চলা দ্বন্দ্ব এবার পৌঁছে গেল দলের সবচেয়ে আবেগঘন কর্মসূচি ‘২১ জুলাই শহিদ দিবস’-এর সমাবেশকে ঘিরে। ২০২৬ সালের একুশে জুলাই সামনে রেখে ধর্মতলায় ঐতিহ্যবাহী শহিদ সমাবেশ আয়োজনের অধিকার দাবি করেছে উভয় শিবির, ফলে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।

শনিবার তপসিয়ায় বিদ্রোহী নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরের এক গুরুত্বপূর্ণ বৈঠকে কলকাতা পুরসভার ৫১ জন প্রাক্তন কাউন্সিলর এবং চারজন বিদ্রোহী বিধায়ক উপস্থিত ছিলেন। বৈঠক শেষে শিবিরের মুখ্য সচেতক আখরুজ্জামান দাবি করেন, “আমরাই আসল তৃণমূল কংগ্রেস। তাই ২১ জুলাইয়ের শহিদ সমাবেশ আমরাই করব।” তাঁর অভিযোগ, অতীতে তারকাখচিত মঞ্চের ভিড়ে শহিদ পরিবারগুলি যথাযথ মর্যাদা পায়নি। এবার তাঁদের সম্মান জানিয়েই শহিদ দিবস পালন করা হবে বলে জানান তিনি।

বিদ্রোহী শিবিরের দাবি, প্রশাসনের অনুমতি মিললে ভিক্টোরিয়া হাউসের সামনেই সমাবেশ করতে চায় তারা। তবে অনুমতি না পেলে পরবর্তী সিদ্ধান্ত সংগঠনগতভাবে নেওয়া হবে বলেও স্পষ্ট করা হয়েছে।

অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলও প্রস্তুতি শুরু করেছে জোরকদমে। প্রতি বছরের মতো ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভার অনুমতি চেয়ে ইতিমধ্যেই কলকাতা পুলিশের কাছে আবেদন জানানো হয়েছে। এই আবহে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র স্পষ্ট বার্তা দিয়ে বলেন, “২১ জুলাইয়ের সভা হবেই। প্রয়োজন হলে জিপের ওপর দাঁড়িয়েই বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়।”

একই কর্মসূচিকে কেন্দ্র করে দুই শিবিরের পাল্টাপাল্টি দাবি ও প্রস্তুতি ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এখন নজর প্রশাসনের সিদ্ধান্ত এবং নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপের দিকে। কারণ, এ বছরের ২১ জুলাই শুধু একটি রাজনৈতিক সমাবেশ নয়, বরং তৃণমূলের প্রকৃত উত্তরাধিকার নিয়ে শক্তি প্রদর্শনের বড় মঞ্চ হয়ে উঠতে চলেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.