দমদম: উত্তর কলকাতার সাতগাছি এন.এন. রোড এলাকায় শুক্রবার দুপুরে এক মর্মান্তিক অগ্নিকাণ্ডে মৃত্যু হল মা ও ছেলের। একটি বহুতলের চারতলার ফ্ল্যাটে আচমকা আগুন লাগে। ঘটনায় মৃত দু’জনের নাম রমা সিকদার (৭৫) এবং তাঁর ছেলে অভিষেক সিকদার (৪৫)।
প্রতিবেশীদের দাবি, এদিন দুপুরে হঠাৎই ওই বাড়ির চারতলার ফ্ল্যাট থেকে গলগল করে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারাই দমকল ও নাগেরবাজার থানায় খবর দেন।
খবর পেয়ে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। ফ্ল্যাটের ভিতর থেকেই উদ্ধার করা হয় রমা সিকদার ও তাঁর ছেলে অভিষেক সিকদারের দেহ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।
তবে ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে নাগেরবাজার থানার পুলিশ। আগুন লাগার প্রকৃত উৎস জানতে ফরেন্সিক বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হতে পারে বলেও জানা গিয়েছে।
এদিকে স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, সিকদার পরিবারটি দীর্ঘদিন ধরেই মানসিকভাবে বিপর্যস্ত ছিল এবং প্রতিবেশীদের সঙ্গে খুব একটা মেলামেশা করতেন না। সেই মানসিক অবসাদ থেকেই কোনও চরম সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কি না, নাকি এটি নিছক দুর্ঘটনা—তা নিয়েই এলাকায় শুরু হয়েছে জল্পনা। তদন্তের পরেই পুরো বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।






