আবহাওয়াআবহাওয়া

মার্চেই গরমের তীব্র দাপট উত্তর-পশ্চিম ভারতে, পাহাড়েও তাপমাত্রার রেকর্ড! বাংলায় স্বস্তি, তবে বৃষ্টির পূর্বাভাস

মার্চের শুরুতেই তীব্র গরমের চোখরাঙানি দেখা যাচ্ছে উত্তর-পশ্চিম ভারতে। স্বাভাবিকের তুলনায় অনেকটাই উপরে উঠেছে তাপমাত্রা। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, একাধিক জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি রয়েছে। শুধু সমতলেই নয়, পাহাড়ি এলাকাতেও গরমের প্রভাব স্পষ্ট।

হিমাচল প্রদেশের সিমলায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ২৩.৬ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৮ ডিগ্রি বেশি। কাশ্মীরের পর্যটনকেন্দ্র গুলমার্গে সর্বোচ্চ তাপমাত্রা ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৯ ডিগ্রি বেশি। একইভাবে শ্রীনগরে সর্বোচ্চ তাপমাত্রা ২১.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৭ ডিগ্রি বেশি।

অন্যদিকে দেশের রাজধানী দিল্লিতেও তাপমাত্রা দ্রুত ঊর্ধ্বমুখী। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৭ ডিগ্রি বেশি।

তবে উত্তর-পশ্চিম ভারতের তুলনায় বাংলায় আপাতত গরমের দাপট কিছুটা কম। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ২ ডিগ্রি কম।

এদিকে রাজ্যের আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। একটি ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। শনিবার বিকাল থেকেই আকাশে মেঘের আনাগোনা শুরু হয়েছে, যা রবিবার সকালেও দেখা যাচ্ছে।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবার দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতেও এদিন বৃষ্টি হতে পারে।

সোমবার ও মঙ্গলবারও রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও এই দু’দিন হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। তাই সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে শুক্রবার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এরপর আগামী সপ্তাহে আবহাওয়ার পরিস্থিতি কতটা বদলায়, সেদিকেই নজর আবহাওয়াবিদদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.