এক যুগেরও বেশি সময় পেরিয়ে যাওয়ার পর অবশেষে সারদা কেলেঙ্কারি সংক্রান্ত গুরুত্বপূর্ণ রিপোর্ট প্রকাশ্যে আনার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকারের গঠিত বিচারপতি শ্যামল সেন কমিশনের আর্থিক হিসেব-নিকেশ সহ সম্পূর্ণ রিপোর্ট মামলার সমস্ত পক্ষকে দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ফলে কমিশন বন্ধ হওয়ার প্রায় ১২ বছর পর সারদা কেলেঙ্কারি সংক্রান্ত বিস্তারিত নথি ও আর্থিক তথ্য প্রকাশ্যে আসার পথ খুলে গেল।
উল্লেখ্য, ২০১৩ সালে সারদা চিটফান্ড কেলেঙ্কারি সামনে আসার পর রাজ্যজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। লক্ষাধিক আমানতকারীর টাকা ফেরত এবং কেলেঙ্কারির তদন্তের জন্য সেই বছরই অবসরপ্রাপ্ত বিচারপতি শ্যামল সেনের নেতৃত্বে একটি কমিশন গঠন করে রাজ্য সরকার। রাজ্যের ঘোষিত ৫০০ কোটির তহবিল থেকে ওই কমিশন প্রায় ২২৫ কোটি টাকা আমানতকারীদের মধ্যে ফেরত দেয়।
পরে কমিশনের কাজ শেষ হলে তহবিলে অবশিষ্ট অর্থ এবং যাবতীয় আর্থিক হিসেব-নিকেশ রাজ্য সরকারের কাছে পাঠিয়ে দেওয়া হয়। সেই রিপোর্টের একটি প্রতিলিপি কলকাতা হাইকোর্টেও জমা পড়ে। তবে দীর্ঘদিন ধরে ওই রিপোর্ট প্রকাশ্যে আনা হয়নি। রিপোর্ট প্রকাশের দাবিতে আদালতে মামলা দায়ের করা হয়।
বুধবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, হাইকোর্টের কাছে থাকা শ্যামল সেন কমিশনের রিপোর্ট মামলার সব পক্ষকে সরবরাহ করতে হবে।
আমানতকারীদের আইনজীবী শুভাশিস চক্রবর্তী ও অরিন্দম দাস জানান, এতদিন পরে রিপোর্ট প্রকাশ্যে এলে সারদা সংক্রান্ত কমিশনের পর্যবেক্ষণ, সুপারিশ এবং আর্থিক হিসেবের বিস্তারিত তথ্য সামনে আসবে। এতে ভবিষ্যতে মামলার অগ্রগতি নতুন দিশা পেতে পারে।
এদিন আদালতে চিটফান্ড সংক্রান্ত মামলায় সিবিআই ও ইডি-র আইনজীবীদের অনুপস্থিতি নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করে ডিভিশন বেঞ্চ। বিচারপতি ভরদ্বাজ মন্তব্য করেন, “চিটফান্ড সংক্রান্ত অধিকাংশ তদন্তই এই দুই কেন্দ্রীয় সংস্থার হাতে। সমস্ত গুরুত্বপূর্ণ নথিও তাদের কাছেই রয়েছে। অথচ দেখা যাচ্ছে, প্রায় ৯০ শতাংশ মামলায় তাদের আইনজীবীরা আদালতে উপস্থিত থাকছেন না।”
কেন্দ্রের এক আইনজীবীকে সতর্ক করে আদালত জানায়, বিষয়টি অবিলম্বে অতিরিক্ত সলিসিটর জেনারেলকে জানাতে হবে। ভবিষ্যতেও যদি এই পরিস্থিতি চলতে থাকে, তাহলে আদালত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য হবে।
এদিকে রাজ্যে বিধানসভা ভোটের আগে শ্যামল সেন কমিশনের রিপোর্ট প্রকাশ্যে এলে তার রাজনৈতিক প্রভাব কী হতে পারে, তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।







