রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতি জোরদার করতে সক্রিয় হয়েছে নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতেই বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। সূত্রের খবর, মূলত নির্বাচনী সংক্রান্ত অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠন নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ বাস্তবায়নের বিষয়েই এই বৈঠকে আলোচনা হবে।
সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির আবেদন বাতিল হলে তার বিরুদ্ধে আপিল শুনানির জন্য একটি বিশেষ অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠন করা জরুরি। সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, বিপুল সংখ্যক আবেদন বাতিল হওয়ায় আপিলের সংখ্যা অত্যন্ত বেশি হতে পারে। তাই দ্রুত নিষ্পত্তির জন্য এই ট্রাইব্যুনাল গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে নির্বাচন কমিশন। সেই নির্দেশ কার্যকর করার পথ খুঁজতেই হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিকের এই বৈঠক।
জানা গিয়েছে, বৈঠকে ভোটার তালিকার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের বিষয়টিও আলোচনায় উঠে আসতে পারে। পাশাপাশি নির্বাচনী প্রস্তুতি এবং প্রশাসনিক নজরদারি কতটা এগিয়েছে, সেই বিষয়েও বিস্তারিত পর্যালোচনা হবে।
এদিকে রাজ্যের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপাতত বড় ধরনের উদ্বেগের কারণ নেই বলেই মনে করছে নির্বাচন কমিশন। কমিশনের ফুল বেঞ্চের সাম্প্রতিক রাজ্য সফরের পর এই মূল্যায়ন সামনে এসেছে। যদিও সেই সফরের সময় দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রাজ্যে বিভিন্ন দফতর ও সংস্থার কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার এবং শুক্রবার দুটি পৃথক সময়ে ভার্চুয়াল বৈঠকেরও আয়োজন করেছে নির্বাচন কমিশন। জানা গিয়েছে, রাজ্যের মোট ২৫টি প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নেবেন। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত এবং শুক্রবার বিকেল সাড়ে চারটে থেকে সাড়ে ছ’টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এই বৈঠকে উপস্থিত থাকবেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী, দফতরের পরিচালক, উপপরিচালক সহ একাধিক আধিকারিক। নির্বাচনী প্রক্রিয়ায় নজরদারি, প্রশাসনিক প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি—এই বিষয়গুলিই মূলত আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।
এছাড়াও নির্বাচনকে ঘিরে আর্থিক লেনদেনের ওপর নজরদারি জোরদার করতে ব্যাঙ্কিং ব্যবস্থার সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ দুই সংস্থাকেও বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক এবং রাজ্য স্তরের ব্যাঙ্কারদের সমন্বয় কমিটির প্রতিনিধিদের সশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছে। নির্বাচন ঘিরে আর্থিক স্বচ্ছতা এবং নজরদারি নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই বিশেষ অ্যাপিলেট ট্রাইব্যুনালের নেতৃত্বে থাকবেন একজন প্রাক্তন প্রধান বিচারপতি। তাঁর সঙ্গে প্রয়োজন অনুযায়ী একাধিক প্রাক্তন বিচারপতি সদস্য হিসেবে থাকতে পারবেন। ট্রাইব্যুনালের যাবতীয় ব্যয় বহন করবে নির্বাচন কমিশন। হাইকোর্টের প্রধান বিচারপতিকে এই দায়িত্ব নিতে আগ্রহী প্রাক্তন বিচারপতিদের নাম সুপারিশ করার নির্দেশও দিয়েছে সর্বোচ্চ আদালত।
রাজ্যে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই নির্বাচনী প্রক্রিয়াকে স্বচ্ছ ও দ্রুততর করতে একের পর এক প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।







