কলকাতা: ভোটের আগে প্রশাসনিক রদবদল ঘিরে রাজ্য-কমিশন সংঘাত আরও তীব্র। সোমবার রাতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-কে চিঠি দিয়ে আপত্তি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ ছিল, একতরফাভাবে শীর্ষ প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সরানো যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী।
তবে সেই আপত্তিকে কার্যত গুরুত্ব না দিয়েই আসন্ন West Bengal Election 2026-এর আগে বড়সড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। মঙ্গলবার জারি হওয়া নির্দেশে রাজ্যের একাধিক শীর্ষ আইপিএস আধিকারিক থেকে জেলা পুলিশ সুপার ও কমিশনার স্তর পর্যন্ত ব্যাপক বদলির নির্দেশ দেওয়া হয়েছে।
কমিশনের তরফে জানানো হয়েছে, ভোট প্রস্তুতি খতিয়ে দেখার পরই এই সিদ্ধান্ত। নির্দেশে স্পষ্ট বলা হয়েছে, অবিলম্বে বদলি কার্যকর করতে হবে এবং ১৮ মার্চ সকাল ১১টার মধ্যে সংশ্লিষ্ট আধিকারিকরা নতুন পদে যোগ দিয়েছেন কি না, তার রিপোর্ট জমা দিতে হবে।
কারা কারা বদলি হলেন—
প্রথম দফার বিজ্ঞপ্তিতে গুরুত্বপূর্ণ পদে যাঁদের বদলি করা হয়েছে, তাঁরা হলেন—
ড. রাজেশ কুমার সিং (IPS) — এডিজি ও আইজি, দক্ষিণবঙ্গ
কে. জয়ারামন (IPS) — এডিজি ও আইজি, উত্তরবঙ্গ
ড. প্রণব কুমার (IPS) — পুলিশ কমিশনার, আসানসোল-দুর্গাপুর
অখিলেশ কুমার চতুর্বেদী (IPS) — পুলিশ কমিশনার, হাওড়া
অমিত কুমার সিং (IPS) — পুলিশ কমিশনার, ব্যারাকপুর
সুনীল কুমার যাদব (IPS) — পুলিশ কমিশনার, চন্দননগর
রাজনৈতিক মহলের একাংশের মতে, ভোটের আগে আইনশৃঙ্খলা নিরপেক্ষ রাখতে কমিশনের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অন্যদিকে শাসকদলের অভিযোগ, কেন্দ্রীয় সংস্থার এই ভূমিকা রাজ্যের প্রশাসনিক স্বাধীনতায় হস্তক্ষেপ।
ভোট যত এগোচ্ছে, ততই রাজ্য রাজনীতিতে বাড়ছে উত্তাপ—কমিশন বনাম রাজ্য সরকারের এই টানাপোড়েন আগামী দিনে কোন দিকে গড়ায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।







