ভর সন্ধ্যেবেলায় শহরের বুক জুড়ে এক নৃশংস খুন। কাটা হাত, নিথর দেহ, আর সেই মৃতদেহ নাকি সারাদিন ঘুরে বেড়াচ্ছে কলকাতার রাস্তায়— হলুদ ট্যাক্সির ডিকিতে লুকিয়ে! কয়েক হাজার মানুষের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে মৃত্যুর সাক্ষী সেই ট্যাক্সি। কে খুন করল? কার মৃতদেহ? প্রশ্নের পর প্রশ্ন।
আর এই রহস্যের মুখ খুললেন অভিনেতা সৌরভ দাস। জানালেন, এ কোনও বাস্তব ঘটনা নয়, বরং তাঁদের আগামী সিনেমা ‘The Academy Of Fine Arts’-এর গল্পের সূত্র! অভিনেতার ভাষায়, “শহরের বুকে লুকিয়ে আছে এক ডেডবডি, আর সেই রহস্যের জট খুলবে বড়পর্দায় — আগামী ১৪ নভেম্বর।”
দীর্ঘ চার বছরের পথচলা, থেমে যাওয়া ক্যামেরা, ফান্ড শেষ, আশা-ভাঙা আর পুনর্জীবনের গল্প— সব মিলিয়ে এই ছবির পেছনে রয়েছে এক অদম্য লড়াইয়ের কাহিনি। পরিচালকের আসনে জয়ব্রত দাশ, যাঁর কথায়, “এই ছবির জন্ম যুদ্ধজয়ের মতো। প্রতিটি ফ্রেমে আছে ঘাম, বিশ্বাস, এবং টিমওয়ার্কের জেদ।”
ছবিতে রয়েছেন একঝাঁক তারকা — রুদ্রনীল ঘোষ, সৌরভ দাস, পায়েল সরকার, ঋষভ বসু, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায়, অমিত সাহা ও অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়। আরও দেখা যাবে রানা বসু ঠাকুর ও অঞ্জন রায় চৌধুরীকে।
সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার — মাত্র ২ মিনিট ৫২ সেকেন্ড, অথচ গোটা ট্রেলার জুড়ে তীব্র উত্তেজনা, অন্ধকার আর অপরাধের ছায়া। একেবারে যেমন লেখা রয়েছে ট্যাগলাইনে: “A story of crime, chasing deceit and grime.”
পরিচালকের দাবি, “এমন বোল্ড বাংলা সিনেমা আগে হয়নি।” বাস্তবেই পথটা সহজ ছিল না — ৫৪টি কাটছাঁটের পর অবশেষে সেন্সর বোর্ডের ছাড়পত্র মিলেছে ছবির, সঙ্গে ‘অ্যাডাল্ট সার্টিফিকেট’।
১৪ নভেম্বর, শিশু দিবসেই মুক্তি পাচ্ছে ‘The Academy Of Fine Arts’ — নাম শুনে যেমন শিল্পের গন্ধ, তেমনি ভেতরে রয়েছে অপরাধ, রহস্য আর মানবমনের অন্ধকার দিকের উন্মোচন।
জয়ব্রত দাশের এই ছবির পাশে দাঁড়িয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ও। ট্রেলার দেখে তিনি জানিয়েছেন, “বাংলা সিনেমা যদি নতুন পথে হাঁটতে চায়, তবে এই ছবিটা এক মাইলস্টোন।”
শেষমেশ, ‘দি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ শুধু একটি সিনেমা নয় — এটি এক অসমাপ্ত স্বপ্নের পুনর্জন্ম। ফান্ড শেষ, আশা ভেঙে যাওয়া, আর শেষে জেদ আর ভালোবাসায় ফিরে আসা— সেই গল্পই পর্দায় এক শিল্পের মতো ফুটে উঠতে চলেছে ১৪ নভেম্বর।
“এই ছবি সপরিবারে দেখতে যাবেন না,” হাসতে হাসতেই সতর্ক করলেন পরিচালক!







