চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর:
আলু সংরক্ষণকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা। স্থানীয় একটি হিমঘরে আলু মজুত নিয়ে বৈষম্যের অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলেন এলাকার কৃষকেরা। তাঁদের দাবি, স্থানীয় উৎপাদকদের বঞ্চিত করে জেলার বাইরে থেকে আসা আলুকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার জগৎ মাতা হিমঘরের সামনে ভিড় জমান বহু কৃষক। অভিযোগ, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও তাঁরা আলু জমা দেওয়ার সুযোগ পাচ্ছেন না। অন্যদিকে, ব্যবসায়ীদের মাধ্যমে ট্রাকে করে বাইরে থেকে আনা আলু দ্রুত স্টোরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এতে চরম সমস্যায় পড়েছেন স্থানীয় চাষিরা।
কৃষকদের আশঙ্কা, নির্দিষ্ট সময়ের মধ্যে আলু সংরক্ষণ না করতে পারলে মাঠের ফসল নষ্ট হয়ে যেতে পারে, যার ফলে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়বেন তাঁরা। এই পরিস্থিতিতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও সমস্যার সমাধান দাবি করেছেন বিক্ষোভকারীরা।
অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে হিমঘর চত্বরে। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় স্তরে আলোচনা শুরু হয়েছে বলেও জানা গেছে।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে হিমঘর কর্তৃপক্ষ। তাদের দাবি, শ্রমিকের ঘাটতির কারণে লোডিং প্রক্রিয়ায় সাময়িক সমস্যা তৈরি হয়েছে। তবে কোনো কৃষককে ইচ্ছাকৃতভাবে বঞ্চিত করা হয়নি বলেই দাবি তাদের।






