পিংলা বিধানসভার খড়গপুর গ্রামীন এলাকার বাড়বাঁশী গ্রামে ধানজমি থেকে রহস্যজনক ভাবে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। যুবকের নাম শান্তনু ঘোড়াই। পরিবারের অভিযোগ মৃত শান্তনু বিজেপির কর্মী ছিল। এলাকায় দেওয়াল লিখন করায় তৃনমূলের লোকেরা বেশ কয়েক দিন ধরে হুমকি দিয়ে এসেছিলো। বিজেপি করার অপরাধে তৃনমূলের লোকেরা রাতের অন্ধকারে এই খুন করেছে। বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস জানান, মৃত শান্তনু বিজেপির একনিষ্ঠ কর্মী সহ একজন কার্যকর্তা ছিলো। ভোটে প্রচারের কাজ করায় তৃনমূল পরিকল্পিত ভাবে এই খুন করেছে। যদিও পশ্চিম মেদিনীপুর জেলা তৃনমূলের নেতা অজিত মাইতি জানান খুনের সাথে তৃনমূলের কোনো সম্পর্ক নেই। নেশার কারনে ওই যুবকের মৃত্যু হয়েছে। বিজেপি ভোটের আগে মৃত্যু নিয়ে ঘৃন্য রাজনীতি করছে।
বিজেপি কর্মী খুনের ঘটনার খবর পেয়েই মৃতের বাড়ীতে এসে হাজির হন ঘাটালের বিজেপি প্রার্থী হিরন। মৃতের পরিবারের সাথে কথা বলেন। মৃতের বাবা মা ও এলাকাবাসীরা সংবাদ মাধ্যমকে জানায়, এলাকায় ভালো ছেলে হিসাবে পরিচিত ছিল শান্তনু। একমাত্র বিজেপি করার অপরাধে তাকে খুন করা হয়েছে। পরিবারের আরোও অভিযোগ পুলিশ খুনের অভিযোগ নিতে গড়িমসি করার সাথে সাথে তদন্তকে অন্য পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাই খুনের ঘটনায় এলাকায় পুলিশ ঢুকতেই বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। বর্তমানে কোর্টের নির্দেশে মৃতের ময়না তদন্তের জন্য দাবী তুলছে মৃতের পরিবার ও আত্মীয়রা। ঘটনাকে ঘিরে যথেষ্ট উত্তপ্ত গোটা এলাকা।







