কলকাতা

ভোটের আগে চাপে সোহম! আর্থিক প্রতারণার অভিযোগে কলকাতা হাই কোর্টে মামলা

ভোটের আবহে নতুন করে চাপে তৃণমূল। দলীয় প্রার্থী তথা অভিনেতা সোহম চক্রবর্তীকে ঘিরে আর্থিক প্রতারণার অভিযোগে মামলা দায়ের হয়েছে কলকাতা হাই কোর্ট-এ। বিষয়টি সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

অভিযোগকারী শাহিদ ইমাম দাবি করেছেন, ২০২১ সালে একটি সিনেমা তৈরির উদ্দেশ্যে সোহমের সঙ্গে তাঁর আর্থিক চুক্তি হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী প্রায় ৬৮ লক্ষ টাকা অভিনেতার হাতে তুলে দেওয়া হলেও শেষ পর্যন্ত ছবির কাজ আর এগোয়নি। শুধু তাই নয়, অভিযোগ নির্ধারিত সময়ের পরও পুরো অর্থ ফেরত মেলেনি। বারবার টাকা চেয়েও ফল না পেয়ে শেষমেশ আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। এই ঘটনাকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে কারণ এর আগেও একই ইস্যুতে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছিল। ঠিক তখনই আদালত বিষয়টি সালিশি প্রক্রিয়ার মাধ্যমে মেটানোর পরামর্শ দেয়। তবে তাতে কোনও সমাধান না হওয়ায় ফের মামলা করা হয়েছে বলে জানা যাচ্ছে।

অভিযোগকারীর আরও দাবি, টাকা ফেরতের কথা বলতেই তাঁকে হুমকির মুখেও পরতে হয়েছে।রাজনৈতিক দিক থেকেও বিষয়টি তাৎপর্যপূর্ণ। চণ্ডীপুরের বিদায়ী বিধায়ক সোহমকে এবারের নির্বাচনে করিমপুরে প্রার্থী করেছে তৃণমূল। সেই প্রেক্ষিতে ভোটের আগে এমন অভিযোগ সামনে আসায় কিছুটা অস্বস্তিতে শাসক শিবির। ইতিমধ্যেই বিরোধী শিবির এই ইস্যুকে হাতিয়ার করতে শুরু করেছে। আগামী সপ্তাহে বিচারপতি গৌরাঙ্গ কান্তের এজলাসে মামলার শুনানি হতে পারে বলে সূত্রের খবর। এখন নজর আদালতের দিকে, এই বিতর্ক কতটা প্রভাব ফেলবে নির্বাচনের ময়দানে, সেটাই দেখার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.