রাজ্য

ভোটের মুখে বড় সিদ্ধান্ত, শিক্ষক-শিক্ষাকর্মীদের সব বকেয়া মিটিয়ে দেবে রাজ্য

নিজস্ব সংবাদদাতা: ভোটের মুখে বড় সিদ্ধান্ত রাজ্য শিক্ষা দফতরের। রাজ্যের সমস্ত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের বকেয়া টাকা মিটিয়ে দিতে উদ্যোগী শিক্ষা দফতর। ইতিমধ্যেই সেই মর্মে বিকাশ ভবন থেকে জেলাগুলিতে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, দ্রুততার সঙ্গে যাতে শিক্ষক ও শিক্ষাকর্মীদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হয়, সেই ব্যবস্থা নেওয়ার জন্য। উল্লেখ্য, বেতন-ছাড়া অন্যান্য বকেয়া টাকা নিয়ে রাজ্যের সরকারি স্কুলগুলির শিক্ষক ও শিক্ষাকর্মীদের দাবি-দাওয়া ছিল দীর্ঘদিন ধরে। এবার সেই দাবি মেটাতে উদ্যোগী হল রাজ্য সরকার।

কোন ক্ষেত্রে টাকা বকেয়া পড়ে থাকে? মূলত, কারও যদি পদোন্নতি, ট্রান্সফার বা কাজে যোগ দেওয়ার ক্ষেত্রে দেরি হয়, সেক্ষেত্রে কিছু টাকা বকেয়া হয়ে যায়। এর পাশাপাশি এরিয়ার-বাবদ বকেয়া টাকাও থাকে। এক্ষেত্রে কারও কারও ক্ষেত্রে তিন বছর থেকে পাঁচ বছর পর্যন্ত টাকা বকেয়া ছিল বলে খবর। সেই সব টাকা মিটিয়ে দেওয়ার জন্য দ্রুত পদক্ষেপ করতে নির্দেশ দেওয়া হয়েছে বিকাশ ভবন থেকে।

রাজ্যের শিক্ষক মহলের একাংশের মতে, রাজ্য সরকার যে পশ্চিমবঙ্গের শিক্ষকদের পাশেই রয়েছে, সেই নিয়েই একটি প্রচ্ছন্ন বার্তা দেওয়ার চেষ্টা এই বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার মাধ্যমে। কারণ, এই ইস্যুগুলি নিয়ে দীর্ঘদিন ধরে সরব হচ্ছিলেন রাজ্যের সরকারি স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের একাংশ। এমন পরিস্থিতিতে ভোটের মুখে এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.