অফবিট

অকালেই ঝাপসা দৃষ্টি? চোখের তারুণ্য ধরে রাখতে বদলান এই অভ্যাসগুলো

ডিজিটাল দুনিয়ায় দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে চোখের সমস্যা। মোবাইল, ল্যাপটপ বা টিভির স্ক্রিনে ঘণ্টার পর ঘণ্টা চোখ আটকে রাখার ফলে কম বয়সেই দেখা দিচ্ছে দৃষ্টিশক্তি কমে যাওয়া, শুষ্ক চোখ কিংবা অকাল বার্ধক্যের লক্ষণ। শুধু চোখে ড্রপ ব্যবহার করলেই যে সমস্যার সমাধান হবে—এমনটা কিন্তু নয়। বিশেষজ্ঞদের মতে, চোখকে সুস্থ রাখতে হলে বদল আনতেই হবে জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসে।

চোখের যত্ন শুরু হোক খাবারের থালা থেকেই। প্রতিদিনের ডায়েটে সবুজ শাক-সবজি যেমন পালং শাক, ব্রকলি, গাজর রাখা অত্যন্ত জরুরি। এগুলিতে থাকা ল্যুটেন ও জিক্সানথিন চোখকে ক্ষতিকারক নীল আলো থেকে সুরক্ষা দেয়। পাশাপাশি টক ফল, বাদাম ও ভিটামিনসমৃদ্ধ খাবার চোখের কোষের ক্ষয় রোধ করতে সাহায্য করে। ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও সতর্ক থাকা দরকার, কারণ এগুলোর প্রভাব সরাসরি পড়ে চোখের সূক্ষ্ম রক্তনালীর ওপর।

স্ক্রিন ব্যবহারের ক্ষেত্রে ছোট একটি নিয়মই বড় পরিবর্তন আনতে পারে—‘২০-২০-২০’ রুল। প্রতি ২০ মিনিট অন্তর ২০ ফুট দূরে ২০ সেকেন্ড তাকিয়ে থাকলে চোখের পেশি বিশ্রাম পায় এবং চাপ কমে। একইসঙ্গে বাইরে বেরোলে অবশ্যই UV 400 সুরক্ষাযুক্ত সানগ্লাস ব্যবহার করা উচিত, যা সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে চোখকে রক্ষা করে এবং ছানি পড়ার ঝুঁকি কমায়।

দৈনন্দিন অভ্যাসেও কিছু বদল জরুরি। বারবার চোখের পলক ফেলা, স্ক্রিনের উজ্জ্বলতা কম রাখা, পর্যাপ্ত ঘুম এবং ধূমপান থেকে দূরে থাকা—এই ছোট ছোট অভ্যাসগুলোই চোখকে দীর্ঘদিন সুস্থ রাখতে বড় ভূমিকা নেয়। পাশাপাশি মানসিক চাপ কমানো ও চোখের চারপাশে রক্ত সঞ্চালন বাড়াতে নিয়মিত হালকা ব্যায়াম বা ফেস যোগাও উপকারী।

বছরে অন্তত একবার চোখের পূর্ণাঙ্গ পরীক্ষা করানো অত্যন্ত জরুরি। এতে প্রাথমিক স্তরেই ধরা পড়তে পারে বড় কোনো সমস্যা। বিশেষজ্ঞদের কথায়, এখন থেকেই সচেতন হলে বয়স বাড়লেও দৃষ্টিশক্তি থাকবে অনেকটাই পরিষ্কার ও তরুণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.