ইডেন গার্ডেন্সে পাঞ্জাব কিংস নামলেই বৃষ্টি! ঠিক যেন এক অদ্ভুত অশনিসংকেত। গত বছরও এই একই প্রতিপক্ষের বিরুদ্ধে নাইটদের ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। ইতিহাস আবারও নিজেকে পুনরাবৃত্তি করল শনিবার রাতে। টসে জিতে ব্যাট করতে নামলেও তিন ওভার যেতেই ঝড়-বৃষ্টি থাবা বসায়। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, কভারের নীচে ভিজে মাঠ, আর গ্যালারির একাংশে বিরক্ত-হতাশ সমর্থকদের দীর্ঘশ্বাস—শেষ পর্যন্ত বাতিলই হয়ে গেল ম্যাচ। ফলে ‘মহার্ঘ’ ১ পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হল কেকেআরকে।
টানা দুই ম্যাচে হার—মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদের কাছে—ইতিমধ্যেই কোণঠাসা অবস্থায় পৌঁছে গিয়েছিল নাইটরা। প্রাক্তনদের তীব্র সমালোচনা, ত্রুটিপূর্ণ বোর্ডিং, স্পিন বিভাগে ছন্দহীনতা, নির্ভরযোগ্য ‘ফিনিশার’-এর অভাব—সব মিলিয়ে উত্তাপ বাড়ছিল রাহানেদের ডাগআউটে। তার মধ্যেই বড় চমক—ইডেনে দুই ব্রহ্মাস্ত্র সুনীল নারিন ও বরুণ চক্রবর্তীকে ছাড়াই মাঠে নামল কেকেআর। অধিনায়ক অজিঙ্ক রাহানে জানালেন, নারিন অসুস্থ এবং বরুণ চোট সামলাচ্ছেন। সাত বছর পর দুই প্রধান স্পিনারকে বাদ দিয়ে দল সাজাতে বাধ্য হল কলকাতা।
বৃষ্টি থামলেও মাঠ খেলার অনুকূলে আনতে জোর চেষ্টা শুরু করেন মাঠকর্মীরা। কভার সরিয়ে ঘাসের আর্দ্রতা পরীক্ষা করতে মাঠে নেমে পড়েন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং কিউরেটর সুজন মুখোপাধ্যায়। কিছুক্ষণ বাদেই মাঠে হাজির হন পাঞ্জাব কোচ রিকি পন্টিংও। যদিও সব চেষ্টাই শেষমেশ বৃথা প্রমাণিত হয়। আম্পায়াররা পরিদর্শন শেষে রাহানে ও শ্রেয়স আইয়ারকে সঙ্গে নিয়ে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন।
ফলত, কেকেআর ও পাঞ্জাব কিংস দু’দলই ভাগ করে নিল ১ করে পয়েন্ট। সমর্থকদের হতাশা আর বৃষ্টির অনিবার্য ছোঁয়া—ইডেনে পাঞ্জাবের ম্যাচ যেন আবারও স্মরণ করিয়ে দিল পুরনো কুসংস্কারের মতোই এক বাস্তবতা: পাঞ্জাব এলেই বৃষ্টি!







