ভোট এলেই প্রার্থীদের বিভিন্নভাবে প্রচার করতে দেখা যায় । কেউ রান্না করে দিচ্ছেন , কেউ দাড়ি কামিয়ে দিচ্ছেন , কেউ আবার চাষের কাজে হাত লাগাচ্ছেন । কোনো কোনো প্রার্থী আবার চিকিৎসক হওয়ায় , প্রচারের মাঝেই , সাধারণ জনগণের হাতের নাড়ি দেখে রোগও বলে দিচ্ছেন। এইসব ছবির সাথে যখন সাধারণ মানুষ একেবারে পরিচিত হয়ে গেছে , তখনই প্রচারে বেরিয়ে এক অন্য ছবির দৃষ্টান্ত তৈরি করলেন , কাউন্সিলর । প্রার্থীর হয়ে প্রচারে বেরিয়ে , এক আবাসন থেকে সাপ ধরে দিলেন কাউন্সিলর ! এই ছবি , হাইভোল্টেজ ভবানীপুর বিধানসভা কেন্দ্রেরই ।
ভবানীপুরে , তৃণমূলের প্রার্থী হয়েছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সেখানেরই একটি গুজরাটি অধ্যুষিত আবাসন থেকে সাপ ধরেন তৃণমূল কাউন্সিলর । পাশাপাশি দলের প্রার্থী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোটও চেয়ে নেন । উল্লেখ্য , এই আবাসনে এসে ভোট প্রচার সারতে দেখা গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও।
এদিন ওই গুজরাটি অধ্যুষিত আবাসন থেকে সাপ ধরেন তৃণমূল কাউন্সিলর অসীম বসু। সাপ ধরার পর তিনি বলেন , “আমরাই আছি, আমরাই থাকব। অন্য কেউ আসবে না। ” আবার গুজরাটি ভাষায় , এক গুজরাটি দম্পতিকেও বলেন , সাপ ধরে দিয়ে গেলাম কিন্তু , মুখ্যমন্ত্রীকে দেখবেন , আশীর্বাদ করবেন। আর এই ছবি সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে , এই ধরনের প্রচারকে কেন্দ্র করে । রাজনৈতিক বিশ্লেষকদের মতে , ভবানীপুর , হাইভোল্টেজ বিধানসভা কেন্দ্র , তাই এখানে কোনো কৌশলই হাতছাড়া করতে রাজি নয় , রাজনৈতিক প্রার্থীরা ।







