শহরের দ্রুতগতির জীবনে টিকে থাকার লড়াই, এই বাস্তবতাকেই কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন বাংলা ছবি “ফেরা”। আধুনিক নাগরিক জীবনের চাপ, প্রজন্মের দূরত্ব এবং সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েন—সব মিলিয়ে ছবিটি ইতিমধ্যেই দর্শকদের কৌতূহলের কেন্দ্রে। সম্প্রতি প্রযোজনা সংস্থা নন্দী মুভিজ ছবির পোস্টার প্রকাশ্যে আনতেই আলোচনা আরও বেড়েছে।
পৃথা চক্রবর্তী পরিচালিত এই ছবির গল্পে দেখা যাবে পলাশ নামের এক তরুণকে, যে শহরের গতির সঙ্গে তাল মেলাতে নিরন্তর ছুটে চলেছে। অন্যদিকে তাঁর বাবা পন্নালাল হলো একসময় পরিচিত ও সম্মানিত ব্যক্তি। এখন সময়ের স্রোতে ধীরে ধীরে হারিয়ে যাওয়া এক মানুষ। এই দুই প্রজন্মের ভিন্ন জীবনদর্শনই ছবির মূল ভিত্তি। হঠাৎ করেই অতীতের কিছু ঘটনা বর্তমানের জীবনে ফিরে আসে, যা বাবা-ছেলেকে এক অস্বস্তিকর কিন্তু গুরুত্বপূর্ণ অবস্থানে দাঁড় করায়। একই ছাদের নীচে থেকেও যে দূরত্ব তৈরি হয়, তা মুছে ফেলার চেষ্টা করতে গিয়ে তারা নিজেদের সম্পর্ক, সাফল্যের মানে ও জীবনের আসল মূল্য নতুন করে ভাবতে বাধ্য হয়।
ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় মিশ্রা, ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার এবং প্রিয়াঙ্কা সরকার। তাঁদের অভিনয় ছবির আবেগকে আরও গভীর করে তুলবে বলেই মনে করছেন সিনেমাপ্রেমীরা। “ফেরা” মূলত এক অন্তর্মুখী যাত্রার গল্প, যেখানে বড় কোনও নাটকীয়তা নয়, বরং নীরব অনুভূতি, না-বলা কথাই বেশি গুরুত্ব পেয়েছে। পোস্টারেও সেই মেজাজ স্পষ্ট সাধারণ অথচ গভীর, স্মৃতি আর আবেগে ভরপুর। সব মিলিয়ে, বাংলা সিনেমার দর্শকদের জন্য “ফেরা” হতে চলেছে এক চিন্তাশীল অভিজ্ঞতা, যা জীবনের দৌড়ের মাঝেও থেমে ভাবতে শেখাবে—শেষ পর্যন্ত আমরা আসলে কী নিয়ে বেঁচে থাকি?







