দক্ষিণী সিনেমাপ্রেমীদের জন্য বড় চমক! নিজের ৪৪তম জন্মদিনে নতুন ছবির ঘোষণা করে চর্চার কেন্দ্রে আল্লু অর্জুন। জনপ্রিয় পরিচালক অ্যাটলির সঙ্গে তাঁর বহু প্রতীক্ষিত এই প্রজেক্টের নাম রাখা হয়েছে ‘রাকা’। ঘোষণা হতেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে, আর প্রথম লুক দেখে রীতিমতো হতবাক অনুরাগীরা।
প্রকাশিত পোস্টারে একেবারে অচেনা অবতারে ধরা দিয়েছেন আল্লু। সম্পূর্ণ ন্যাড়া মাথা, পিঠে যেন হিংস্র জন্তুর থাবা আর সামনে জ্বলন্ত আগ্নেয়গিরি! তাঁর চোখেমুখে ফুটে উঠেছে তীব্র রাগ ও প্রতিশোধস্পৃহা। এই লুক থেকেই স্পষ্ট, ‘রাকা’-তে তিনি কোনও সাধারণ চরিত্রে নয়, বরং এক রহস্যময় ও শক্তিশালী সত্তার ভূমিকায় দেখা দেবেন। এই ছবির আরও একটি বড় আকর্ষণ হলো দীপিকা পাড়ুকোন। প্রথমবার বড় পর্দায় আল্লু অর্জুনের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। এর আগে জাওয়ান সিনেমায় তাঁর সংক্ষিপ্ত উপস্থিতি দর্শকদের নজর কেড়েছিল, তবে ‘রাকা’তে তিনি থাকছেন পূর্ণাঙ্গ গুরুত্বপূর্ণ চরিত্রে।
পরিচালক অ্যাটলি এর আগেই ব্লকবাস্টার ‘জওয়ান’ দিয়ে বক্স অফিস কাঁপিয়েছেন। এবার আল্লু অর্জুনের সঙ্গে তাঁর এই নতুন জুটি ঘিরে প্রত্যাশা আকাশছোঁয়া। ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজির সাফল্যের পর অল ইন্ডিয়া স্তরে আল্লুর জনপ্রিয়তা তুঙ্গে, ফলে ‘রাকা’ নিয়ে উত্তেজনা আরও বাড়ছে। ছবিটি একটি সাই-ফাই অ্যাকশন থ্রিলার যেখানে থাকবে আধুনিক প্রযুক্তির ছোঁয়া, ভিজ্যুয়াল গ্র্যান্ডিয়ার ও জমজমাট অ্যাকশন। ২০২৬ সালে বহু ভাষায় মুক্তির পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে, ‘রাকা’ এখন থেকেই বছরের অন্যতম বড় সিনেমা হিসেবে উঠে আসছে।যেখানে অ্যাটলির পরিচালনা ও আল্লু অর্জুনের নতুন অবতার বক্স অফিসে ইতিহাস গড়তে পারে বলেই মনে করছেন দর্শকরা।







