SIR এনুমারেশন ফর্ম বিলির অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে ব্রেন স্ট্রোকে মৃত্যু হল এক অঙ্গনারী কর্মীর। ঘটনাটি ঘটেছে মেমারি থানার অন্তর্গত বোহার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চক বলরাম এলাকার বাঙালপুকুরে। মৃতার নাম নমিতা হাঁসদা (৫০)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ফর্ম বিলির কাজ চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়েন নমিতা দেবী। দ্রুত তাঁকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তাঁর।
রবিবার কালনা শ্মশানে মৃতার দেহ দাহ করতে এসে স্বামী মাধব হাঁসদা অভিযোগ করেন, বিডিও অফিস থেকে তাঁর স্ত্রীকে প্রবল চাপ দেওয়া হচ্ছিল ফর্ম বিলির জন্য। রাত অবধি কাজ করতে হচ্ছিল তাঁকে। সেই কাজের চাপই প্রাণ কেড়ে নিল তাঁর স্ত্রীর।
ঘটনায় এলাকায় নেমেছে গভীর শোক ও ক্ষোভ। প্রশাসনিক চাপে অঙ্গনারী কর্মীর মৃত্যুকে ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনাও।







