প্রচারপর্ব শেষ হওয়ার পর আইনশৃঙ্খলা বজায় রাখতে কড়া পদক্ষেপের নির্দেশ দিল নির্বাচন কমিশন। বিশেষত যেসব এলাকায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার হার বেশি, সেগুলিতে বাড়তি নজরদারির কথা বলা হয়েছে।
নির্বাচনের দিন ভোটকক্ষে প্রবেশের আগে ভোটারদের পরিচয় দু’ধাপে যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। প্রথম ধাপে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কমিশন নির্ধারিত পরিচয়পত্রের মূল কপি পরীক্ষা করবেন। বৈধ পরিচয়পত্র দেখাতে পারলেই ভোটার প্রথম ধাপে অনুমোদন পাবেন। এরপর দ্বিতীয় ধাপে বুথস্তরের আধিকারিক (বিএলও) ‘ভোটার সহায়তা বুথ’-এ পরিচয় নিশ্চিত করবেন। এই দুই ধাপ সফলভাবে সম্পন্ন হলেই ভোটকক্ষে প্রবেশের অনুমতি মিলবে।
এই প্রক্রিয়া সঠিকভাবে মানা হচ্ছে কি না, তা তদারকি করবেন সেক্টর অফিসাররা। কমিশনের মতে, ভোটের দিন অনভিপ্রেত পরিস্থিতি এড়াতেই এই কড়াকড়ি।
আগামী বৃহস্পতিবার প্রথম দফার ভোট, দ্বিতীয় দফা ২৯ এপ্রিল। প্রথম দফার ‘সাইলেন্স পিরিয়ড’ শুরু হবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে এবং দ্বিতীয় দফার ক্ষেত্রে ২৭ এপ্রিল একই সময়ে। ভোটের আগের ৪৮ ঘণ্টায় বেআইনি জমায়েত রুখতে ১৬৩ ধারা জারির নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ। এই সীমারেখা স্পষ্ট করতে চিহ্নিতকরণ করতে হবে। ভোটার নন এমন কাউকে কেন্দ্রের আশপাশে জমায়েত হতে দেওয়া যাবে না এবং সরু গলি বা প্রবেশপথে ভিড় এড়াতেও বিশেষ নজর রাখতে বলা হয়েছে।







