ভোটমুখী বাংলায় প্রচারে এসেছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা । আর সেই প্রচার থেকে সরাসরি নিশানা করলেন পশ্চিমবঙ্গ সরকারকে । তাঁর হুশিয়ারি, “একটা গুলি চালালে, দুটো গুলি চালাব। বাংলায় পুলিশ থাকলে, অসমেও পুলিশ আছে।”
এদিন হেমন্ত বিশ্বশর্মা কটাক্ষের তির ছুঁড়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেও । তাঁর কথায় প্রধানমন্ত্রী মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করতেই সারাক্ষণ ব্যস্ত থাকেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন , মমতা বন্দ্যোপাধ্যায় কখনও দেবদেবীর নাম জপেন না , তিনি সব সময় শুধু মোদী – শাহের নাম জপেন। গত তিন দিন ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় , হেমন্ত বিশ্বশর্মার নামও নিতে শুরু করেছেন বলে , অভিযোগ তাঁর। এদিন অসমের মুখ্যমন্ত্রী কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন , “তৃণমূলীরা আমার সামনে দাঁড়াতে পারবে না। টক্কর সমানে সমানে হবে।”
তবে হেমন্তের মন্তব্যে পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল । তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন , “একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে তিনি খোলাখুলি গৃহযুদ্ধের ডাক দিচ্ছেন। এর থেকে খারাপ রাজনীতি আর কিছু হতে পারে না। এই পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী কেন নীরব?” তবে সব মিলিয়ে বর্তমানে হেমন্ত বিশ্বশর্মা বনাম তৃণমূলে উত্তপ্ত রাজ্য রাজনীতি ।






