শাসক দলের দীর্ঘদিনের চাপ ও আপত্তির পর অবশেষে SIR প্রক্রিয়ায় ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণে সম্মতি দিল নির্বাচন কমিশন। নির্ধারিত ১১টি নথির পাশাপাশি এবার থেকে ডোমিসাইল সার্টিফিকেট বা পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট বৈধ নথি হিসেবে গণ্য হবে। শনিবার এই সংক্রান্ত নির্দেশিকা রাজ্য নির্বাচনী দফতরের কাছে পাঠিয়েছে কমিশন।
তবে ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণের ক্ষেত্রে কড়া শর্ত আরোপ করেছে কমিশন। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছ, শুধুমাত্র জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক অথবা মহকুমা শাসকের স্বাক্ষরযুক্ত শংসাপত্রই বৈধ বলে বিবেচিত হবে। তার বাইরে অন্য কোনও প্রশাসনিক পদাধিকারিকের সই করা ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে না। উল্লেখযোগ্যভাবে, রাজ্যে SIR শুরু হওয়ার পর থেকে এই ইস্যুতে সরব ছিল তৃণমূল কংগ্রেস। তাদের দাবিতে SIR শুনানিতে ডোমিসাইল সার্টিফিকেট কেন গ্রাহ্য করা হচ্ছে না, তা নিয়ে বারবার প্রশ্ন তোলে তৃণমূল নেতৃত্ব। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বিষয়টি নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন বিহারে SIR চলাকালীন যদি ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণ করা হয়ে থাকে।
এই ধরনের প্রশ্ন নিয়ে বারংবার রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে সমালোচনা বৃদ্ধি হয়েছে শেষ পর্যন্ত অবস্থান বদলাতে বাধ্য হয় নির্বাচন কমিশন। ডোমিসাইল সার্টিফিকেট মূলত কোনও নাগরিকের স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়। রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চলের অনুমোদিত প্রশাসনিক প্রতিনিধিরা এই শংসাপত্র ইস্যু করেন। সাধারণত ১৫ থেকে ২০ বছর বা তার বেশি সময় একই এলাকায় বসবাসকারী মানুষেরা এই সার্টিফিকেট পাওয়ার যোগ্য হন। SIR প্রক্রিয়ার শেষ পর্যায় এসে ডোমিসাইল সার্টিফিকেটকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তে বহু নাগরিক উপকৃত হবেন বলেই অনুমান প্রশাসনিক মহলে। পাশাপাশি ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় এই সিদ্ধান্তে নতুন মাত্রা যোগ করল বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।







