উত্তর ২৪ পরগনার হাবড়া-য় ভোট প্রচারের শেষ দিনে চাঞ্চল্যকর ঘটনা। সোমবার ভোরে হাবড়া বিধানসভা কেন্দ্রের দক্ষিণ সড়াই নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে উদ্ধার হয় আটটি তাজা বোমা। জনবহুল এলাকার একেবারে কাছাকাছি এই বিস্ফোরক মজুত থাকার খবর ছড়াতেই এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালবেলা পথচারীরা সন্দেহজনক কিছু বস্তু দেখতে পেয়ে পুলিশে খবর দেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এলাকা ঘিরে ফেলে এবং বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ওই এলাকার চলাচল নিয়ন্ত্রণ করা হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। শাসক দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ, শান্ত হাবড়াকে অশান্ত করতে এবং ভোটের আগে ভয়ঙ্কর পরিবেশ তৈরি করতেই বিজেপি পরিকল্পিতভাবে এই বোমা রেখে আতঙ্ক ছড়াচ্ছে। অন্যদিকে বিজেপির পাল্টা দাবি, তৃণমূলই ভোটারদের বুথমুখী হওয়া আটকাতে ভয়ের আবহ তৈরি করতে এই চক্রান্ত করেছে।
ভোটের ঠিক আগমুহূর্তে এমন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
এই ঘটনায় নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে, যদিও প্রশাসন আশ্বাস দিচ্ছে, শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।







