বুধবার সন্ধ্যা থেকেই ঝড়-বৃষ্টির দাপটে ভিজেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। সেই ধারাবাহিকতা বজায় রেখে লক্ষ্মীবারেও সকাল থেকেই আকাশের মুখ ভার। মেঘলা আকাশ, হালকা ঠান্ডা হাওয়া—সব মিলিয়ে দিন শুরু হয়েছে একেবারে বদলে যাওয়া আবহাওয়ার আবহে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, আগামী ৩ থেকে ৪ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির দাপট অব্যাহত থাকতে পারে। মাঝেমধ্যেই বইতে পারে ঝোড়ো হাওয়া, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
তবে বৃষ্টির মাঝেও স্বস্তি পুরোপুরি মিলবে না সব জায়গায়। বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলায় গরম ও আর্দ্রতার অস্বস্তি কিছুটা বজায় থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
এদিকে সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে সতর্কতা। আগামী ৩ মে পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
ঝড়-বৃষ্টির প্রভাবে তাপমাত্রাও খানিকটা নেমেছে। স্বাভাবিকের তুলনায় ২-৩ ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। ফলে সপ্তাহান্তেও মনোরম আবহাওয়া বজায় থাকার ইঙ্গিত দিচ্ছে পূর্বাভাস।
শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ার ও কোচবিহার-এ আগামী কয়েক দিন তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে।







