ফুটবলের জাদুকর লিওনেল মেসি আসছেন কলকাতায়, এই খবরে গোটা শহরে এখন চরম উন্মাদনা। ১৩ই ডিসেম্বর গভীর রাতে (অর্থাৎ ১২ই ডিসেম্বর মধ্যরাতে) আর্জেন্টাইন মহাতারকা কলকাতায় পা রাখবেন। তার সফরসঙ্গী হবেন উরুগুয়ের তারকা লুই সুয়ারেজ এবং আর্জেন্টিনার রদ্রিগো ডি’পল। মেসি শুধু কলকাতা নয়, এই সফরে হায়দরাবাদ, মুম্বই এবং দিল্লিতেও যাবেন।ফুটবলপ্রেমীদের জন্য সুখবর হলো, যুবভারতীর যে স্ট্যান্ডেই আপনি থাকুন না কেন, মেসিকে কাছ থেকে দেখতে পাওয়ার সুযোগ থাকছে। কারণ, অনুষ্ঠানের শেষে তিনি একটি হুডখোলা জিপে করে স্টেডিয়াম প্রদক্ষিণ করবেন। এরপর তিনি দুপুরের দিকে হায়দরাবাদের উদ্দেশ্যে রওনা দেবেন। কলকাতার বাইপাসের ধারের একটি হোটেলে মেসি ১৩ই ডিসেম্বর রাত কাটাবেন। পরদিন সকালে সেখানে স্পনসরদের একটি অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা। এরপর যুবভারতীতে যাওয়ার পথে লেকটাউনে তার সদ্য তৈরি হওয়া ৭০ ফুটের বিশালাকার মূর্তির আবরণ উন্মোচনের কথা ছিল।
কিন্তু এই পরিকল্পনায় বাদ সেধেছে পুলিশ। লিওনেল মেসির নিরাপত্তার কথা মাথায় রেখে রাস্তায় নেমে লেকটাউনে যাওয়ার ঝুঁকি নিতে চায়নি প্রশাসন। তাই শেষ মুহূর্তে এই সিদ্ধান্তে পরিবর্তন এসেছে। এখন হোটেল থেকেই ভার্চুয়ালি ওই মূর্তির উদ্বোধন করবেন মেসি। লেকটাউনের এই অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী সুজিত বসু-সহ আরও কয়েকজন অতিথি উপস্থিত থাকবেন। বেলা ১১টা বেজে ১৫ মিনিটের পর যুবভারতীতে পৌঁছানোর কথা রয়েছে মেসির। সেখানে তাকে নাচে-গানে রাজকীয় সংবর্ধনা দেওয়া হবে। উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিনেতা শাহরুখ খান। এছাড়াও, সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়, লিয়েন্ডার পেজ ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও।
যুবভারতীতে এদিন মোহনবাগান ‘মেসি’ অল স্টার বনাম ডায়মন্ড হারবার ‘মেসি’ অল স্টার ম্যাচও অনুষ্ঠিত হবে। জানা গেছে, মেসি এই দুই দলের খেলোয়াড়দের সঙ্গেও কিছুটা সময় কাটাবেন। অন্যদিকে, কলকাতার পক্ষ থেকে মেসিকে ধুতি ও পাঞ্জাবি পরানো হতে পারে এবং তার স্ত্রী আন্তোনেল্লার জন্য উপহার হিসেবে থাকবে শাড়ি। খাদ্যতালিকায় ইলিশ, চিংড়ি, নলেন গুড়ের রসগোল্লা ও মিষ্টি দইয়ের মতো বাঙালি পদে নজর থাকবে।







