ভারতের অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল ২০২৪ এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে পরাজিত করে ফাইনালে জায়গা করে নিয়েছে। শুক্রবার কুয়ালালামপুরের বায়ুয়েমাস ক্রিকেট ওভালে অনুষ্ঠিত এই ম্যাচে ৯৯ রানের লক্ষ্য ১৪.৫ ওভারেই ছুঁয়ে ফেলে নিকি প্রসাদের নেতৃত্বাধীন ভারত।
ভারতের ব্যাটিং ইনিংসে চতুর্থ স্থানে ব্যাট করতে নেমে জি ত্রিশা ৩২ রানের ইনিংস খেলেন এবং জি কমলিনির (২৮) সঙ্গে তৃতীয় উইকেটে ৬৩ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। যদিও ভারতের ৬ উইকেট পড়ে যায়, কিন্তু তারা সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায়।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার দল ২০ ওভারে ৯৮ রানেই থেমে যায়। মেনুদী নানায়াক্কারা সর্বোচ্চ ৩৩ রান করেন। ভারতীয় বোলারদের মধ্যে আয়ুশি ছিলেন দুর্দান্ত, ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে ৪ উইকেট নেন। পারুণিকা ২৭ রান খরচায় ২টি উইকেট শিকার করেন।
অন্যদিকে, সুপার ফোরের আরেক ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল নেপালকে পরাজিত করে ফাইনালে প্রবেশ করেছে। ফলে আগামী ২২ ডিসেম্বর ফাইনালে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। দুই দলের মধ্যে এই হাড্ডাহাড্ডি লড়াই ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।







