কলকাতা আবারও সাক্ষী রইল পরপর দুই ভয়াবহ পথদুর্ঘটনার। মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার সকাল— মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে শহরের দুই গুরুত্বপূর্ণ রাস্তায় ঘটে গেল দু’টি মর্মান্তিক ঘটনা। একটি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক যুবক, অপর ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই পরিবারের দু’জন এবং একজন পথচারী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত প্রায় ২টো নাগাদ ইএম বাইপাসের কালিকাপুরের কাছে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় অলোকেশ হালদার নামে এক যুবকের। ঢালাই ব্রিজ থেকে রুবি মোড়ের দিকে যাওয়ার সময় তাঁর বাইকটি সিংহবাড়ি মোড়ের কাছে প্রথমে ধাক্কা মারে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে। প্রচণ্ড গতির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি পরে পাশে থাকা ডিভাইডারে আঘাত করে। শক্তিশালী আঘাতে বাইক থেকে ছিটকে পড়েন অলোকেশ। স্থানীয়রা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার সময় অলোকেশের মাথায় হেলমেট ছিল না। মাথায় গুরুতর চোট লাগায় তাঁর মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।
অন্য দিকে, বুধবার সকালেই ভয়াবহ দুর্ঘটনা ঘটে রেড রোডে। একটি বেসরকারি গাড়ি অতিরিক্ত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বিদ্যুতের খুঁটিতে এবং পরে কিছুটা এগিয়ে গিয়ে রাস্তার ধারের একটি গাছে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় গাড়ির সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। দমকল এবং পুলিশ এসে গাড়ির ভিতর থেকে গুরুতর জখম অবস্থায় দু’জনকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করে। তাঁরা সম্পর্কে বাবা-ছেলে বলে জানা গিয়েছে। গাড়ির ধাক্কায় এক পথচারীও আহত হয়েছেন।
পরপর দুর্ঘটনায় উদ্বেগ বেড়েছে কলকাতা পুলিশের। অতিরিক্ত গতি ও অসাবধানতাই এর জন্য দায়ী বলে মনে করা হচ্ছে। শহরে রাতযাপনের নিরাপত্তা আরও বাড়াতে উদ্যোগী হয়েছে পুলিশ প্রশাসন।







