নির্বাচনের উত্তাপ বাড়তেই নতুন করে রাজনৈতিক তরজা তুঙ্গে। দ্বিতীয় দফার ভোটের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অনিয়মের অভিযোগ সামনে আসছে। এরই মধ্যে ইভিএম সংক্রান্ত গুরুতর অভিযোগ তুলে সরব হল শাসক শিবির তৃণমূল কংগ্রেস।
দলের সাংসদ জুন মালিয়া একটি ভিডিও বার্তা প্রকাশ করে দাবি করেছেন, ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে। তাঁর অভিযোগ, বিজেপি ইভিএম সংক্রান্ত কারচুপির চেষ্টা করছে। বিশেষ করে নেতাজি ইন্দোরের স্ট্রং রুমকে কেন্দ্র করে অনিয়মের আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। ভিডিও বার্তায় জুন মালিয়া জানিয়েছেন, সংশ্লিষ্ট রাজনৈতিক দলের প্রতিনিধিদের অনুপস্থিতিতে ব্যালট বক্স খোলার চেষ্টা হয়েছে বলে খবর এসেছে। তাঁর প্রশ্ন, “মানুষের রায় কি তবে অন্ধকারে বদলে দেওয়ার চেষ্টা চলছে?” পাশাপাশি তিনি আরও দাবি করেন, ভোটার তালিকা থেকে বহু বৈধ নাম বাদ দেওয়া হয়েছে, যার ফলে বহু মানুষ তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেননি।
এই প্রসঙ্গে তিনি কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তাঁর কথায়, কেন্দ্রীয় বাহিনী ও বিভিন্ন সংস্থাকে ব্যবহার করে ভোট প্রক্রিয়ায় প্রভাব খাটানোর চেষ্টা হয়েছে বলেও অভিযোগ তোলেন। যদিও এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি। তাদের দাবি, নির্বাচন সম্পূর্ণ নিয়ম মেনেই হচ্ছে এবং শাসক দলের পক্ষ থেকেই বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। রাজ্যের রাজনৈতিক মহলে এখন বড় প্রশ্ন—এই অভিযোগ কতটা সত্যি, আর কতটা রাজনৈতিক কৌশল? ফলাফল ঘোষণার আগে এই বিতর্ক যে আরও তীব্র হবে, তা বলাই যায়। তবে বাংলার ভোটে “পরিবর্তন না প্রত্যাবর্তন” তার উত্তর মিলবে ফল প্রকাশের দিনেই।







