বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার কিছু দিনের মধ্যেই আইনি বিয়ে সেরে ফেলেন পিয়া চক্রবর্তী, গায়ক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। এ বার পিঁড়িতে বসার পালা অনুপমের। প্রকাশ্যে এসেছে তৃতীয় বিয়ের খবর, তবে পাত্রী কে?
পেশায় সঙ্গীতশিল্পী প্রশ্মিতা পালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন অনুপম রায়৷ জানা যাচ্ছে, আগামী ২ মার্চ বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা৷ আপাতত তাঁদের বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে৷
গানের জগতের মানুষের সঙ্গে ফের হয়েছে মন দেওয়া-নেওয়া৷ প্রেম কিংবা বিয়ে, কোনওটাতেই আস্থা হারাননি গায়ক৷ বরং ভালবাসার টানেই তৃতীয়বার বিয়ে করতে চলেছেন অনুপম৷
টলিউডের জনপ্রিয় গায়িকা প্রস্মিতা পাল । রাজ চক্রবর্তীর ‘বোঝে না সে বোঝে না’ ছবিতে গান গেয়ে কেরিয়ারে মোড় ঘোরান প্রশ্মিতা। পরবর্তীতে তাঁর কণ্ঠে শোনা গিয়েছে ‘দেখতে বউ বউ’, ‘হতে পারে না’-র মতো হিট গান । অনুপমের সঙ্গেও কণ্ঠ মিলিয়েছেন হাইওয়ে ছবিতে । ‘তোমায় নিয়ে গল্প হোক’ গানটি গেয়েছিলেন দু’জনে । এবার তাঁরা তাঁদের নিয়ে নতুন গল্প লিখতে শুরু করছেন । জানা গিয়েছে, আগামী ২ মার্চ পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতেই রেজিস্ট্রি করেই বিয়ে করবেন অনুপম।







