নৌকা বাইচ প্রতিযোগিতা চলাকালীন বড়সড় বিপত্তি। সন্দেশখালীর কানমারি বিদ্যাধরী নদীতে মাঝ নদীতে আচমকাই উল্টে গেল একটি নৌকা। সেই নৌকায় থাকা প্রায় ২০ জন প্রতিযোগী জলে পড়ে হাবুডুবু খেতে থাকেন। ইতিমধ্যেই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
জানা গিয়েছে, সন্দেশখালি বিধানসভা এলাকার কানমারিতে বিদ্যাধরী নদীতে নৌকা বাইচের আয়োজন করা হয়েছিল। প্রতিযোগিতা চলাকালীন আবহাওয়া খারাপ থাকায় নদীতে তৈরি হয় প্রবল ঢেউ। ঢেউয়ের ধাক্কায় নৌকার ভিতরে জল ঢুকতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই ভারসাম্য হারিয়ে মাঝ নদীতে নৌকাটি উল্টে যায়। আচমকা জলে পড়ে বিপাকে পড়েন নৌকা বাইচে অংশ নেওয়া প্রায় ২০ জন প্রতিযোগী।
ঘটনার পর দ্রুত উদ্ধারকাজে নামে স্থানীয় বাসিন্দারা। পুলিশ এবং বিজেপি কর্মীরাও তৎপর হয়ে লঞ্চ নিয়ে নদীতে পৌঁছন। এরপর নৌকা উল্টে জলে পড়ে যাওয়া প্রতিযোগীদের একে একে উদ্ধার করা হয়। সময়মতো উদ্ধারকাজ শুরু হওয়ায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পান নৌকা বাইচের প্রতিযোগীরা।







