বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই বড় প্রশাসনিক পদক্ষেপ। বুধবার সকাল থেকে খাঁ খাঁ করছে Mamata Banerjee-র হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ির সামনের রাস্তা। দীর্ঘদিন ধরে থাকা পুলিশের কিয়স্ক বুথ এদিন সম্পূর্ণ খালি করে দেওয়া হয়। সকাল থেকেই সেখানে আর কোনও পুলিশকর্মীকে মোতায়েন থাকতে দেখা যায়নি।
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবারই মমতার বাড়ির সামনে থাকা সিজার ব্যারিকেড সরিয়ে দেওয়া হয়েছিল। বুধবার সকাল সাড়ে ৬টা নাগাদ গলির মুখে মোতায়েন থাকা পুলিশকর্মীরাও এলাকা ছেড়ে চলে যান। বর্তমানে বাড়ির ভিতরের অংশে শুধুমাত্র ন্যূনতম সংখ্যক নিরাপত্তারক্ষী রয়েছেন।
একইসঙ্গে Abhishek Banerjee-র কালীঘাট রোডের বাসভবন এবং ক্যামাক স্ট্রিটের অফিস চত্বর থেকেও অতিরিক্ত নিরাপত্তা তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
সূত্রের দাবি, নিরাপত্তা পর্যালোচনায় দেখা গিয়েছে, মমতা এবং অভিষেক দু’জনেই তাঁদের নির্ধারিত জেড প্লাস নিরাপত্তার বাইরে অতিরিক্ত পুলিশি সুরক্ষা পাচ্ছিলেন। কলকাতা পুলিশ ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলির রিভিউয়ের পরই সেই অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
সোমবার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূল ক্ষমতাচ্যুত হয়। পরাজিত হন মমতা বন্দ্যোপাধ্যায়ও। এরপর থেকেই প্রশাসনিক স্তরে একাধিক পরিবর্তনের ইঙ্গিত মিলছিল। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই পদক্ষেপ শুধুমাত্র নিরাপত্তা পুনর্মূল্যায়ন নয়, বরং রাজ্যের বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতারও স্পষ্ট বার্তা।







