কলকাতা: নন্দীগ্রামের পর এবার ভবানীপুরেও তৃণমূল সুপ্রিমো Mamata Banerjee-কে পরাজিত করে হ্যাটট্রিক জয়ের দাবি করলেন বিরোধী দলনেতা Suvendu Adhikari। সোমবার নির্বাচনী ফলাফল ঘোষণার পর মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে গিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান। তাঁর দাবি, ভবানীপুর কেন্দ্রে তিনি ১৫,১০৫ ভোটে জয়ী হয়েছেন।
জয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে শুভেন্দুর দাবি, ভবানীপুরের বহু বাসিন্দা দীর্ঘ ১০ থেকে ১৫ বছর পর এবার স্বাধীনভাবে নিজেদের ভোট দিতে পেরেছেন। বিশেষ করে হাউসিং এলাকার বহু ভোটার তাঁকে জানিয়েছেন যে, অতীতে ভোটদানে বাধার মুখে পড়লেও এবার তাঁরা নির্বিঘ্নে ভোট দিয়েছেন।
Mamata Banerjee-র পদত্যাগ প্রসঙ্গে প্রশ্ন উঠতেই শুভেন্দু বলেন, এই বিষয়ে লোকভবন ও রাজ্যপাল প্রয়োজনীয় পদক্ষেপ করবেন। একইসঙ্গে তাঁর কটাক্ষ, পশ্চিমবঙ্গের মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় এখন আর প্রাসঙ্গিক নন।
ভোট-পরবর্তী পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন বিরোধী দলনেতা। তাঁর দাবি, ২০২১ এবং ২০২৩ সালের তুলনায় এবার বড় ধরনের অশান্তির ঘটনা অনেকটাই কম। ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার প্রসঙ্গ তুলে তিনি বলেন, সে সময় ১২ হাজারের বেশি এফআইআর দায়ের হয়েছিল এবং ৫৭ জনের মৃত্যুর অভিযোগ উঠেছিল। এ বছর এখনও পর্যন্ত প্রায় ৫০টি এফআইআরের তথ্য সামনে এসেছে বলেও দাবি করেন তিনি।
দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে শুভেন্দু বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রয়োজন নেই। অপরাধীদের বিরুদ্ধে ভবিষ্যতে সরকার গঠনের পর ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি। তাঁর কথায়, “বাংলা থেকে মহাজঙ্গলরাজের অবসান ঘটিয়ে গুন্ডারাজ বন্ধ করা হবে।”







