কলকাতা: বিধানসভা নির্বাচনে বড় ধাক্কার পর দলকে পুনর্গঠনের চেষ্টায় নেমেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো Mamata Banerjee। ঠিক সেই সময়ই দলের অন্দরে অস্বস্তির ইঙ্গিত সামনে এল। মঙ্গলবার কালীঘাটে মমতার ডাকা গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিত থাকলেন দলের ১০ জন নবনির্বাচিত বিধায়ক। তাঁদের মধ্যে রয়েছেন কাজল শেখ এবং Rathin Ghosh। জানা গিয়েছে, রথীন ঘোষ অসুস্থতার কারণে বৈঠকে উপস্থিত থাকতে পারেননি।
নির্বাচনী বিপর্যয়ের পর এই প্রথমবার দলের সমস্ত নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকে বসেন মমতা। বৈঠকে উপস্থিত ছিলেন Abhishek Banerjee-সহ দলের শীর্ষ নেতৃত্ব। দলীয় সূত্রে খবর, মোট ৮০ জন বিধায়কের মধ্যে ৭০ জন বৈঠকে উপস্থিত ছিলেন। ফলে বাকি বিধায়কদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা।
বিরোধী শিবিরের দাবি, এই অনুপস্থিতি শুধুমাত্র কাকতালীয় নয়। রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, অনুপস্থিত বিধায়কদের একাংশ কি দলের নেতৃত্বের উপর অসন্তুষ্ট? নাকি বদলে যাওয়া রাজনৈতিক পরিস্থিতিতে অন্য কোনও সমীকরণের খোঁজ চলছে? যদিও এ বিষয়ে তৃণমূলের তরফে আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
সূত্রের খবর, বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ছিল বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন। নির্বাচনে পরাজয়ের ফলে মমতা নিজে বিধায়ক নন, ফলে বিধানসভার ভিতরে বিজেপির বিরুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্য একজন অভিজ্ঞ মুখ বেছে নেওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে।
এছাড়াও, নির্বাচন-পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে ১০ সদস্যের একটি ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। বৈঠকে মমতা বিধায়কদের উদ্দেশে বার্তা দেন, বর্তমান পরিস্থিতিতে দল তাঁদের পাশে থাকবে।
উল্লেখ্য, কয়েকদিন আগেই মমতা বলেছিলেন, “আমরা হারিনি। হারলে পদত্যাগ করতাম।” সেই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক চাপ বাড়িয়েছে Bharatiya Janata Party। গেরুয়া শিবিরের দাবি, জনতার রায় স্পষ্ট হওয়ার পরও তৃণমূল নেতৃত্ব বাস্তবতা মেনে নিতে চাইছে না।
তার মধ্যেই কালীঘাটের বৈঠকে একাধিক বিধায়কের অনুপস্থিতি নতুন করে প্রশ্ন তুলছে— নির্বাচনী পরাজয়ের ধাক্কা সামলানোর আগেই কি তৃণমূলের অন্দরে শুরু হয়ে গেল অসন্তোষের সুর? রাজ্য রাজনীতিতে এখন সেই দিকেই নজর।







