বয়স যে সত্যিই কেবল সংখ্যা মাত্র, তা আরও একবার প্রমাণ করলেন বলিউড অভিনেতা ও ফিটনেস আইকন Milind Soman। ৬০ বছর বয়সে এসে বিশ্বের অন্যতম কঠিন জলপথ Strait of Gibraltar সাঁতরে পার করে ফের শিরোনামে তিনি। চলতি মাসের ১ তারিখ ইউরোপের Tarifa থেকে আফ্রিকার Morocco উপকূল পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ পথ সাঁতরে সম্পূর্ণ করেন অভিনেতা।
এই অসাধারণ সাফল্যের কথা নিজেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন মিলিন্দ। গোটা অভিজ্ঞতাকে তিনি বলেছেন “অসাধারণ”। তবে তাঁর এই কীর্তির পর অনেকের মনেই একটাই প্রশ্ন—৬০ বছর বয়সেও কীভাবে নিজেকে এতটা ফিট রেখেছেন তিনি?
একাধিক সাক্ষাৎকারে মিলিন্দ জানিয়েছেন, তাঁর ফিটনেসের পিছনে নেই কোনও দামী জিম, কড়া ডায়েট চার্ট বা কৃত্রিম সাপ্লিমেন্ট। বরং তিনি বিশ্বাস করেন সাদামাটা জীবনযাপন এবং শৃঙ্খলাকেই। খাদ্যতালিকা থেকে তিনি পুরোপুরি বাদ দিয়েছেন রিফাইন করা চিনি, প্যাকেটজাত খাবার এবং জাঙ্ক ফুড। সফট ড্রিঙ্কও প্রায় ছোঁন না। বছরে এক-দু’বারের বেশি মদ্যপান করেন না।
সকালের শুরু হয় মৌসুমি ফল দিয়ে। পেঁপে, তরমুজ, আম এবং কলা তাঁর পছন্দের তালিকায় থাকে নিয়মিত। দুপুর ও রাতের খাবারে তিনি ভরসা রাখেন ঘরোয়া ভারতীয় খাবারের উপর—ডাল, ভাত এবং সাধারণ সবজি। রাতের খাবারও রাখেন অত্যন্ত হালকা।
২০২৪ সালের নভেম্বর থেকে তিনি ‘১৬:৮’ ইন্টারমিটেন্ট ফাস্টিং শুরু করেছিলেন। এতে তাঁর ওজনও কমেছিল। পাশাপাশি নিয়মিত ঘুম, রাত না জাগা এবং প্রতিদিন মাত্র ১০-১৫ মিনিটের সুশৃঙ্খল ব্যায়ামই আজও তাঁকে অন্যদের থেকে আলাদা করে রেখেছে।






