মধ্যমগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনে বড় সাফল্য পেল তদন্তকারীরা। উত্তরপ্রদেশের বলিয়া থেকে যৌথ অভিযানে রাজ সিং নামে এক ‘শার্প শুটার’-কে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ ও উত্তরপ্রদেশ পুলিশ। তদন্তকারীদের অনুমান, গত ৬ মে দোহরিয়া এলাকায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে চন্দ্রনাথকে গুলি চালিয়েছিল এই রাজ সিং-ই।
এই মামলায় ইতিমধ্যেই বিহারের বক্সার থেকে ময়ঙ্ক রাজ মিশ্র ও ভিকি মৌর্য নামে আরও দুই সন্দেহভাজনকে গ্রেফতার করেছে সিট ও সিআইডি। ধৃতদের ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হচ্ছে।
তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, অন্তত ৮ জন পেশাদার অপরাধীকে নিয়ে তৈরি হয়েছিল ‘ডার্টি স্কোয়াড’। খুনের আগে একাধিকবার এলাকায় রেইকি চালানো হয় এবং চন্দ্রনাথ রথের দৈনন্দিন রুটিনও নজরে রাখা হয়েছিল।
এই হাই-প্রোফাইল হত্যাকাণ্ডের তদন্তে সবচেয়ে বড় সূত্র হয়ে দাঁড়ায় একটি ইউপিআই পেমেন্ট। বালি টোলপ্লাজার সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি নিসান মাইক্রা গাড়ি টোল পার হওয়ার সময় ডিজিটাল লেনদেন করা হয়েছিল। সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সূত্র ধরেই অভিযুক্তদের নাগাল পায় সিআইডি।
গত ৬ মে রাতে মধ্যমগ্রামের দোহরিয়া এলাকায় গাড়ি থামিয়ে চন্দ্রনাথ রথকে লক্ষ্য করে গুলি চালানো হয়। বুকে ও পেটে তিনটি গুলি লাগে। পরে মাল্টি অর্গান ফেলিওরে তাঁর মৃত্যু হয়। এখন তদন্তকারীদের মূল লক্ষ্য— এই সুপরিকল্পিত খুনের নেপথ্যের ‘মাস্টারমাইন্ড’-কে চিহ্নিত করা।







