রাজনীতিরাজ্য

শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে বিশেষ উদ্যোগ শুভেন্দুর, কমালেন নিজের কনভয়ের সংখ্যা , জ্বালানি বাঁচাতে অন্য বিধায়করাও এলেন বাসে করে

বুধবার , ১৩ মে , বিধানসভায় অনুষ্ঠিত হচ্ছে শপথ গ্রহণ অনুষ্ঠান । ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করছেন শুভেন্দু অধিকারী। বিধায়ক হিসেবে শপথ নেওয়ার আগেই বড় সিদ্ধান্ত নিলেন পশ্চিমবঙ্গের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখানো পথ অনুসরণ করেই এগোচ্ছেন তিনি। মোদী যেমন নিজের কনভয়ের গাড়ির সংখ্যা কমিয়েছেন, তেমনই একই পথে হাঁটতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও।

সূত্রের খবর, জ্বালানি বাঁচানোর উদ্দেশ্যে নিজের কনভয়ের গাড়ির সংখ্যা ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর সেই পদক্ষেপ থেকেই অনুপ্রাণিত হয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও নিজের কনভয়ের বহর ছোট করার সিদ্ধান্ত নিয়েছেন। বিধানসভায় শপথ গ্রহণের আগেই আজ থেকে সেই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

শুধু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীই নন, জ্বালানি সাশ্রয়ের বার্তা দিতে আজ বিধানসভায় শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে বাসে করেই আসেন বিজেপি বিধায়কেরা। ভবিষ্যতে মন্ত্রিসভা গঠনের পরও জ্বালানি বাঁচানোর লক্ষ্যে নেতা ও মন্ত্রীরা একই নীতি অনুসরণ করতে পারেন বলে রাজনৈতিক মহলের ধারণা। ইতিমধ্যেই উত্তর প্রদেশে সপ্তাহে একদিন ‘নো ভেহিকেল ডে’ চালু করা হয়েছে। সেই পথেই পশ্চিমবঙ্গও এগোতে পারে বলে মনে করা হচ্ছে।

এদিকে, আজ বিধানসভায় অনুষ্ঠিত হচ্ছে নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান। সবার আগে শপথ নেবেন বিজেপি বিধায়ক তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবে তিনি শপথ গ্রহণ করবেন। তাঁকে শপথবাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার তাপস রায়।

বুধবার ও বৃহস্পতিবার—দু’দিন ধরে চলবে বিধানসভায় বিধায়কদের শপথ গ্রহণ পর্ব। মোট ২৯০ জন জয়ী বিধায়ক শপথ নেবেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, আজ উত্তরবঙ্গের ৯টি জেলা, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার বিধায়কেরা শপথ গ্রহণ করবেন। আগামীকাল বাকি ১১ জেলার বিধায়কদের শপথ গ্রহণের পালা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.