মেয়ে পুতুল সঙ্গে নিয়ে সাধ খেলেন পূজা,
দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। আর সেই সুখবরের মাঝেই তাঁর সাধের অনুষ্ঠানের ভিডিও ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। কারণ, গোটা অনুষ্ঠানে অভিনেত্রীর কোলে দেখা গেল একটি ছোট্ট মেয়েপুতুল! আর সেটাই এখন নেটপাড়ার কৌতূহলের কেন্দ্রবিন্দু।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গোলাপি শাড়িতে সেজে পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দে মেতে উঠেছেন পূজা। কখনও স্বামী কুণালের পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন, কখনও আবার বড়দের আশীর্বাদ নিচ্ছেন। ভিডিওর মাঝেই ধরা পড়ে তাঁর বেবি বাম্পের ঝলকও।
তবে অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত ছিল মেয়েপুতুলকে কোলে নিয়ে সাধ খাওয়া। আর তা দেখেই অনেকে মনে করছেন, হয়তো এবার কন্যাসন্তানের অপেক্ষায় রয়েছেন অভিনেত্রী। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি পূজা।
এর আগেই নিজের প্রেগন্যান্সির খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। এমনকি অন্তঃসত্ত্বাকালীন শারীরিক অসুস্থতার কথাও জানিয়েছিলেন তিনি। সেই সময় ছেলের আদরে মন ভালো হওয়ার মুহূর্তও শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওর ক্যাপশনে পূজা লিখেছেন, “আজ আমার সাধ ভক্ষণ অনুষ্ঠান। সকলের আশীর্বাদ কাম্য।” আর সেই পোস্ট ঘিরেই এখন শুভেচ্ছা আর জল্পনায় সরগরম নেটদুনিয়া।







